মো. হারুন-অর-রশিদ, ডেমরা: ডেমরায় সুলতানা রাজিয়া রিপা (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ডেমরার বাশেরপুল মো. সাহাবুদ্দিনের ভূইয়া টাওয়ারের ৪ তলা ভবন থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে মৃতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপা বি-বাড়িয়ার আখাউরা থানার হিরাপুর গ্রামের এনায়েতুর রহমানের মেয়ে ও মো. মহসিন সরকারের স্ত্রী।
মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানা পুলিশ জানায়, বানিজ্য মেলায় যাওয়ার আবদার নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও তার ভাইদের সঙ্গে অভিমান করে গৃহবধূ রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাজধানীর বনশ্রীতে বড় ভাইয়ের কাছে স্বামীর নামে নালিশ করতে গিয়ে গত সোমবার রাগ করে বাসায় ফেড়েন রিপা। ওইদিন স্বামী মহসিনের সঙ্গে ঝগড়া করে রাতে যথারীতি খাবার খেয়ে শুয়ে পড়েন তিনি। পরে রাতের কোন এক সময় মহসিনকে ঘুমের মধ্যে রেখে তার ১০ বছরের মেয়ে মাহির ঘরে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেন ওই গৃহবধূ। পরের দিন সকালে মহসিন রিপাকে ঘরে না পেয়ে মাহির ঘরে খুঁজতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডেমরা থানায় ও তার ভাইদের খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত মৃতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি এসএম কাওসার আহম্মেদ জানায়, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে মৃতের বড় ভাই ডেমরা থানায় মঙ্গলবার একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক
ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ও থানা পুলিশের পৃথক অভিযানে ৮ হাজার ১১৯ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে ডেমরার কোনাপাড়া , ডগাইর, সারুলিয়া বাজার ও টেংরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বরিশালের মেহেন্দিগঞ্জ থানার পাতার হাট গ্রামের মৃত আব্দুল লতিফ বেপারীর ছেলে মো. মিন্টু বেপরী (২৫), ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়ার মো. আইয়ূব আলী মোল্লার ছেলে মো.আব্দুল আলীম মোল্লা, ডেমরার আতলার মো. ইমরান হোসেনের ছেলে ইমন হোসেন ওরফে কানা ইমন (১৯), ডেমরার ডগাইর মধ্য পাড়ার মৃত নুরুল হকের ছেলে মো. সজিব (২৫) ও মৃত আব্দুল মতিনের ছেলে মো. রনি মিয়া (২৭) ও চাঁদপুরের কচুয়া থানার আব্দুল সাত্তারের ছেলে রুবেল মিঝি ওরফে সাত্তার রুবেল (১৯)।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মিন্টু বেপারী ও আলীম মোল্লাকে ডিএমপি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় ৮ হাজার পিস ইয়াবাসহ ডেমরার কোনাপাড়া থেকে আটক করে। তাদের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন হেফাজতে রাখা হয়েছে। অপর দিকে থানা পুলিশ একইভাবে মাদক ব্যবসায়ী কানা ইমন, সজিব, রনি ও রুবেলকে ডগাইর, সারুলিয়া বাজার ও টেংরা এলাকা থেকে ১১৯ পিস ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে ডেমরা থানায় গত সোমবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪ টি মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।