সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে গড়িমসির অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের প্রতিষ্ঠানে না পাঠিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। বুধবার থেকে এ ঘটনা ঘটছে উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়নের ১৫৪ নং গছাহার পীরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
সূত্র মতে, স্কুল পরিচালনা কমিটি গঠনের জন্য ৯জন সদস্য নির্বাচিত সম্পন্ন হয়েছে। এদের মধ্য থেকে নির্বাচিত করা হবে সভাপতি ও সহ-সভাপতি। চলতি মাসের ৮ তারিখে মনোনীত এ কমিটির সদস্যগন বর্তমান কমিটি সভাপতি প্রমথ কুমারের সভাপতিত্বে আলোচনা বসে বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে সভাপতি পদের জন্য অভিভাবক সদস্য মহেশ চন্দ্র দেবনাথ ও এমপি মনোনীত বিদ্যুৎসায়ী সদস্য গোলাম রব্বানী তাদের নিজের নাম নিজেই প্রস্তাব করে। এতে নির্বাচনের প্রয়োজন পড়ে। কিন্তু ওই সময় বিদ্যুৎসায়ী সদস্য সভাপতি পদপ্রার্থী গোলাম রব্বানী লিখিত আবেদনের মধ্যে প্রিজাইডিং অফিসাররের দাবি করে কমিটির কাছে এবং আগামী ১৫ ফেব্রয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত করার অনুরোধ জানান। সে মোতাবেক ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ধায্য করে স্কুলের প্রধান শিক্ষক নোটিশ জারি করেন। কিন্তু নির্বাচনের পূর্ব দিন (১৪ ফেব্রুয়ারি) রাতে স্কুলের প্রধান শিক্ষক ভোটারদের জানিয়ে দেন বিশেষ কারণে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত করা হলো। আর এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অভিভাবকগন প্রতিবাদী হয়ে উঠে এবং তাদের সন্তানদের এ প্রতিষ্ঠানে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ফলে বুধবার ও বৃহস্পতিবার শিক্ষার্থী শুন্য ছিল ওই প্রতিষ্ঠানে।
অভিভাবক সদস্য ও স্থানীয় ব্যাক্তি সদ্য চন্দ্র দেবনাথ ও প্রতাপ চন্দ্র রায় জানান, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে যে সভাপতি হিসেবে আসবেন তা মেনে নেব। কিন্তু কার খুঁটির জোরে নির্বাচন বন্ধ করা হলো তা আমরা জানতে চাই। যেখানে ভোটারের সংখ্যা মাত্র ১১ জন। সেখানে কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই নেই। ক্ষমতাসীন দলের মনোনীত ব্যাক্তিকে যে কোন উপায়ে এখানে সভাপতি করার লক্ষে একটা ষড়যন্ত্র চলছে। নির্বাচন না হলে আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাবো না।
একটি সূত্রমতে, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বিদ্যুৎসায়ী হিসেবে গোলাম মোস্তফাকে মনোনয়ন দিয়েছে। যার বাড়ি স্কুলের ক্যাচম্যান (স্কুল সীমানা) এলাকার অনেক বাইরে। যা পরিপত্রের নিয়ম উপেক্ষিত হয়েছে। পরিপত্রে উল্লেখ রয়েছে স্কুল সীমানার মধ্যের ব্যাক্তিগন বিদ্যুৎসায়ী সদস্য হিসেবে মনোনীত হবে। সূত্রটি আরো জানায়, এমপির মনোনীত বিদ্যুৎসায়ী ব্যাক্তির বাড়ি এমন আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে-তাই এলাকার মানুষের পছন্দের নয়। ক্ষমতার দাপট দেখিয়ে ও মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চলার চেষ্টা করছে। এতে মন্ত্রীসহ আওয়ামীলীগ রাজনীতির প্রতি এ অঞ্চলেল মানুষের বিরুপ মনোভাবের সৃষ্টি হয়েছে। ওই সূত্রটি আরো জানায়, স্কুলটিতে আগামীতে রয়েছে নৈশ প্রহরী নিয়োগ। আর এতে দৃষ্টি পড়েছে ওইসব ব্যাক্তিদের। তাই যে কোন মূল্যে আমাদের সভাপতি হতেই হবে।
স্কুলের শিক্ষক প্রতিনিধি সভাদ্রা রানী দাস ও শরীফুল ইসলাম জানান, স্কুলের পরিবেশ রক্ষার জন্য আজ (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেছি তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য।
এ ব্যাপারে কথা হয় প্রধান শিক্ষক পুলক চন্দ্র দাসের সাথে। তিনি জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন অনুষ্ঠিত হবে নিশ্চিত। নির্বাচন করতে যা কিছু প্রয়োজন তা প্রস্তুত ছিল, এখনও আছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই নির্বাচনের কাজ সম্পন্ন করা হবে।