সিসি নিউজ: ঠাকুরগাঁওয়ে মোটর মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটকে অবৈধ আখ্যা দিয়ে ট্রাক মালিক সমিতি এবং ট্রাক-ট্যাংক লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ন’টার দিকে বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও-পঞ্চগড় রোড হয়ে বাস টার্মিনাল সংলগ্ন মোটর মালিক অফিসের সামনে ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রামাণিক, জেলা থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা(রিংকু), জেলা ইজিবাইক ও অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা ট্রাক, ট্যাংক লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জয়নুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ভুট্টুসহ শ্রমিক নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা শিগগিরই মোটর মালিক সমিতির ডাকা অবৈধ ধর্মঘট তুলে নেবার আহ্বান জানান। বক্তারা বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের এমনো শ্রমিক রয়েছে যাদের একদিন বাস না চললে বাড়িতে চুলা জ্বলেনা। অথচ মোটর মালিক সমিতি তাদের ও জনগণকে জিম্মি করে এ ধর্মঘটের ডাক দিয়েছে।
এ সময় বক্তারা উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘ঠাকুরগাঁও পৌরসভাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের টোল আদায়ের(১ বছরের জন্য) লক্ষ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনকে ইজারাদার হিসেবে গত ১২ এপ্রিল’২০১৬ তারিখে টোল তোলার এক আদেশ জারি করে তৎকালিন পৌর মেয়র। সেখানে ট্রাক থেকে কোন প্রকার টোল তোলার কথা উল্লেখ নেই, অথচ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সম্পুর্ণ অবৈধ ভাবে ট্রাক থেকে টোল তুলছে মটরমালিক সমিতি। এ অবৈধ টোলের প্রতিবাদ করায় মোটর মালিক সমিতি জনভোগান্তি বাড়াতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়। আমরা এ অবৈধ বাস ধর্মঘটের তীব্র নিন্দা জানাই।’
উল্লেখ্য, টোল আদায়কে কেন্দ্র করে গত বুধবার রাতে ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক এবং বাস মালিক ও শ্রমিকদের পাল্টাপাল্টি সংঘর্ষে দু’পক্ষের অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে জেলা মোটর পরিবহন মালিক সমিতি কার্যালয়ে বাস মালিক ও শ্রমিকদের যৌথ সভা থেকে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় জেলা মোটর পরিবহন মালিক সমিতি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।