• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

দিনাজপুরে মন্ত্রীর উপস্থিতিতে মহিলা আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

দিনাজপুর প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপির উপস্থিতিতে দু’গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে কমিটি গঠন ছাড়াই শেষ হলো দিনাজপুর মহিলা আওয়ামী লীগের কাউন্সিল। কেন্দ্র থেকে কমিটি গঠন করা হবে বলে ঘোষনা দিয়ে মুলতুবি হয় কাউন্সিলের কার্যক্রম। কাউন্সিলস্থলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে কাউন্সিলস্থলসহ আশপাশের এলাকায়। শুরু থেকে শেষ পর্যন্ত দফায় দফায় মিছিল ও প্রতিবাদমূখর ছিল পদবঞ্চিতরা।
দীর্ঘ ২ দশক পর সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন জাহান প্রমূখ।
জেলা মহিলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি সুলতানা বুলবুলের সভাপতিত্বে যথারীতি কাউন্সিল শুরু হয়। সকাল ১১টায় কে বা কারা কাউন্সিলস্থলে বোমা রয়েছে বলে গুজব ছড়িয়ে দেয়। আতঙ্কে হলের ভিতরে থাকা মহিলা নেতৃবৃন্দ ও অতিথিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে কাউন্সিলস্থল ত্যাগ করে অতিথি এবং উপস্থিত মহিলারা দিকবিদিক ছুটোছুটি করে। হুড়োহুড়ি করে রাস্তায় বেরিয়ে আসে।
এ সময় মহিলা লীগ নেত্রী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলি চৌধুরী সভাস্থলে বোমা নেই বলে কর্মীদের আশ্বস্ত করার চেষ্টা করে। এ সময় কাউন্সিল অধিবেশনে উপস্থিত থাকা একটি পক্ষ এ কাউন্সিলকে অবৈধ কাউন্সিল বলে ঘোষনা দিয়ে ভাংচুর চালায়। তারা কাউন্সিলের ব্যানার পর্যন্ত নামিয়ে ফেলে বাহিরে বের হয়ে আসে। সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষুদ্ধ মহিলা নেত্রীদের অনুপস্থিতিতে পুনরায় কাউন্সিল অধিবেশন শুরু হলে উপস্থিত নেতৃবৃন্দ দীর্ঘ বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্য শোনেন এবং তাদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নাম প্রস্তাবের আহবান জানান। ভেতরে যখন নাম প্রস্তাব চলছিল ঠিক সে সময় দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্সিল থেকে বের হয়ে আসা নেতৃবৃন্দ মিছিল সহকারে পুনরায় হলে প্রবেশের চেষ্টা চালায়। তাদেরকে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কে বা কারা পটকা ফুটালে উত্তেজনা আরো তীব্র হয়। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী নাট্য সমিতি হলে প্রধান ফটকসহ ব্যস্ততম বাহাদুর বাজার সড়ক বন্ধ করে দেয়। ফলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাহাদুর বাজার-লিলি মোড় এলাকার অধিকাংশ দোকান-পাট বন্ধ হয়ে যায়।
পরে পুলিশী পাহারায় কাউন্সিল অধিবেশনে টানা ২০ বছর ধরে থাকা সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল ও তারিকুন বেগম লাবুনের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চাওয়া হলে সভাপতি হিসেবে ৫ জন ও সাধারণ সম্পাদক হিসেবে ৭ জনের নাম গ্রহন করে কাউন্সিল মুলতুবি করা হয়।
প্রস্তাবিত সভাপতি হিসেবে মিলি চৌধুরী, লুলু আফসার, মেহের সুলতানা, আলেয়া বেগম ও নুর সাবা এবং সাধারণ সম্পাদক হিসেবে শিরিন ইসলাম, জুন্না চৌধুরী, মিসেস মিতা ও জোৎসা বেগম প্রমূখ নাম জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ