গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছেন জাতীয় পার্টির সাবেক এমপি আবদুল কাদের খান। শনিবার রাতে গাইবান্ধার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফের খাসকামরায় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এই নিয়ে এমপি লিটন হত্যা মামলায় পাঁচজন দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন।
১০ দিনের রিমান্ডে থাকাবস্থায় ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে রাত পৌনে ১০টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বশির আহমেদ এসব তথ্য জানিয়ে সাংবাদিকদের জানান, আগামী ১৫ দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। তিনি জানান, প্রতিহিংসার বশবর্তী হয়ে ও ক্ষমতার লোভে এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন সাবেক এমপি আবদুল কাদের খান। এ ছাড়া তিনি অর্থ জোগানসহ তার গ্রামের বাড়িতে নিজের গাড়ির চালকসহ অন্যদের নিয়ে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।
গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের এমপি মনজুরুল ইসলাম লিটন।