দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের দক্ষিণ লালবাগে মসজিদের জায়গায় ময়লা ও ময়লা পানিকে ফেলা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক শিশুসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মৃত মোজাম্মেল হক’র ছেলে মো. মাসুম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর অভিযোগে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী শহরের দক্ষিণ লালবাগ জামে মসজিদের জায়গায় ময়লা ও ময়লা পানি ফেলার সময় বাধা দিলে প্রতিপক্ষ মৃত জেহের আলীর ছেলে জামসেদ আলী (৪৬), তার ছেলে জাহিদুল (২৮), তার স্ত্রী খয়রন (৪২), আব্দুস সাত্তারের স্ত্রী বেলী (৩০), পাউয়া’র স্ত্রী বেবী (৩২), মাহাবুর (চটক ২৮), মৃত কালঠুর মেয়ে রোজী (২৭), আনিসুর রহমানের স্ত্রী জেবাসহ (২৬) ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাদী পক্ষের লোকদের উপর হামলা করে। তাদের হামলায় বাদীর স্ত্রী সানজিদা (১৯) ও তার ৩ বছরের শিশুপুত্র, বাদীর ভাবী রুনা, বাদীর বোন সাগর আহত হলে এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী থানার এসআই শ্যামল তদন্তে আসেন। এসআই তদন্ত শেষে থানায় ফিরে গেলে প্রতিপক্ষ জামসেদ আলীর নির্দেশে উপরোল্লেখিত ব্যক্তিরা বাদীর বাড়ীতে প্রবেশ করে তার স্ত্রী সানজিদার (১৯) উপর হামলা করে। প্রতিবেশী আকতার বানু ও মর্জিনা তাদের উদ্ধার করতে তাদের উপরও হামলা করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। তাদের হামলায় বাদীর স্ত্রী সানজিদা ও তার ৩ বছরের শিশুপুত্র, প্রতিবেশী আকতার বানু ও মর্জিনা আহত হন। পরে প্রতিবেশীদের সহায়তায় আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বাদী মৃত মোজাম্মেল হক’র ছেলে মো. মাসুম।
মুরুব্বী ছাউনীর কমিটি গঠন
দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়ায় সামাজিক অপরাধ প্রতিরোধ সংগঠন মুরুব্বী ছাউনী গঠন করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনকারী সংখ্যা দিনদিন বৃদ্ধি, চাঁদাবাজী, ছিনতাই, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড এবং অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
মো. আজিজুল ইসলামকে সভাপতি ও মো. রুহুল আমীন সুরুজকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. আফতাব হোসেন, মো. রফিক, মো. কবির হোসেন, মোছাঃ আর্জিনা বেগম, মোছাঃ গয়না, মোছা. মাবিয়া, মো. শাহ্ আলম, মো. নজিমুল, মোছা. সাহেদা, মোছাঃ সুফিয়া বেগম প্রমূখ।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার শান্তিকামী নারী-পুরুষ ও মুরুব্বীরা উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি মো. আজিজুল ইসলাম জানান, এই এলাকায় বেশির ভাগ অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষ। এই মানুষগুলিকে পুঁজি করে কিছু বহিরাগত মানুষ এখানে মাদক ব্যবসা চালিয়ে এলাকার যুবকদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তারা কাজ কর্ম ফেলে নেশার পেছনে ছুটছে। শিশু-কিশোর ও যুবকরা জড়িয়ে পরছে অনৈতিক ও সামাজিক কার্যকলাপে। ফলে পরিবারগুলো অশান্তিতে ভুগছে।
এদের সুপথে ফিরিয়ে আনতে মুরুব্বী ছাউনী সংগঠনের প্রয়োজন অনুভব করে এ কমিটি গঠন করা হয়েছে। এটি একটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন। সর্বস্তরের সচেতন নারী-পুরুষ নিয়ে এ সংগঠন করা হয়। তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।