সিসি নিউজ: আগামী বুধবার সৈয়দপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সৈয়দপুরের মানুষজনের সাথে তিনি কথা বলবেন।
সোমবার বিকেলে সৈয়দপুর উপজেলা হলরুমে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোহরাব হোসেন ও এজিএম অখিল চন্দ্র সাহা, ডিজিএম (কারিগরী) রবীন্দ্রনাথ বর্মন। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকায় সৈয়দপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সৈয়দপুরের ৫টি ইউনিয়নে নির্মিত লাইন ৪৮৭ কিলোমিটার। এতে ৭০ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে ৩২,১৮৭টি। সৈয়দপুর উপজেলা ছাড়াও দাগনভূঁইয়া, কর্ণফুলী, ভুয়াপুর, কুলিয়ারচর, টঙ্গীবাড়ী, সাভার, মুজিবনগর, কেরানীগঞ্জ ও কোটালীপাড়া উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।