পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবির পল্লীবিদ্যুৎ অফিসে অভিনব কায়দায় এক গ্রাহকের বিদ্যুৎ বিলের ২৩৫ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সোমবার পল্লীবিদ্যুৎ অফিস কক্ষে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পৌরসভার রেলওয়ে কুলিপট্টীর তুড়িপাড়া গ্রামের আদিবাসী পল্লীর বৃদ্ধা চিন্তামুনি (৬৫) বলেন, তার পুত্র সুজন সিংহের দুটি বিদ্যুৎ বিল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এমন সময় অফিসের পরিচয় দিয়ে একজন লোক তার নিকট বিলের কাগজ ও টাকা চেয়ে বলেন, আমারও কিছু বিল আছে সবগুলো মিলে একসাথে দিব। এসময় সরল বিশ্বাসে তিনি ওই অপরিচিত লোকটিকে বিলের টাকা দেন। পরে ঐ প্রতারক বারান্দার রাখা তার সাইকেল দেখতে বলে বিদ্যুৎ বিলের রুমে ঢোকে। চিন্তামুনি অফিসের বারান্দায় কিছুক্ষণ অপেক্ষার পর ভিতরে গিয়ে দেখেন লোকটি আর সেখানে নেই। পরে সে ঘটনাটি বুঝতে পেরে প্রতারণার ঘটনাটি এলাকাবাসীকে জানান।
অফিসের সামনের কয়েকজন দোকানদার বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে এরকম প্রতারনার ঘটনা আগেও একাধিকবার ঘটেছে।