রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ১ হাজার টাকার ৫টি জাল নোটসহ জনতা কর্তৃক ধৃত এক আসামীকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মঙ্গলবার রাজারহাট থানায় পুলিশ বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউপির গলাকাটা বাজারে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ‘হামিদুল ষ্টোর’-এ খরচ নিয়ে ১ হাজার টাকার একটি জাল নোট ফরহাদ আলী দেন। দোকানদার হামিদুল দেখতে পান নোটটি জাল। পরে পার্শ্ববর্তীরা এসে ফরহাদ আলীকে আটক করে আরও ৪টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এ সময় জাল নোট কারবারির সঙ্গে দু’যুবক পালিয়ে যায়। রাতে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফরহাদ আলী (২১) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতে থানায় একটি মামলা রুজু হয়েছে। আটককৃত ফরহাদ আলী নাজিমখান ইউপির কুটিপাড়া এলাকার শাহজামান এর পুত্র বলে জানা যায়। রাজারহাট থানার যাহার মামলা নং-১৪, তাং-২৮-০২-২০১৭ ইং। থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকী দু’জনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে।
রাজারহাটে রোপনকৃত জমির ধান ক্ষেত নষ্ট: মামলা দায়ের
কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে ৩ লাখ টাকার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা হামলায় চালিয়ে প্রায় ২ একর জমির রোপনকৃত ইরি ধানক্ষেত নষ্ট করে দিয়েছে সৈয়দ আলী গংরা। নিরুপায় হয়ে জমির মালিক লোকমান হাকিম বাদী হয়ে মঙ্গলবার রাতে ১৪ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চাকিরপশার ইউপির তালুক কানুয়া এলাকার আব্দুল মতিনের পুত্র লোকমান হাকিমের সঙ্গে মৃত ছবর উদ্দিনের পুত্র সৈয়দ আলী গংদের পূর্ব শত্রুতার জের চলে আসছিল। লোকমান হাকিমের পিতার ক্রয় করা ১ একর ৮৫ শতাংশ জমি যার সিএস খতিয়ান নং-১২৭, ১২৮, এসএ খতিয়ান নং-১০৯, সি,এস ও এস,এ দাগ নং-৭২, ৭৫, ৭৫/৩০০, ৭৬, ৭৯, ৭৯/২৯৩ দাগে মোট ১ একর ৮৫ শতাংশ জমি গত ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছে। জমির মালিক লোকমান হাকিমের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবী করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত ২১-০২-২০১৭ ইং বেলা আড়াইটার দিকে তফশীলকৃত ওই জমির রোপনকৃত ইরি ধানক্ষেত এর সেচের ক্যানেল বন্ধ করে দেয় সৈয়দ আলী গংরা। পরে বিষয়টি নিয়ে কয়েক দফা শালিস বৈঠক করেও কোন সুফল মেলেনি এবং উল্টো আবার প্রতিপক্ষরা ওই জমির ধানক্ষেত নষ্ট করে জমিতে ঘর তুলে দখল করার চেষ্টা চালায়। নিরুপায় হয়ে মঙ্গলবার রাতে লোকমান হাকিম বাদী হয়ে সৈয়দ আলী (৪৫) কে প্রধান আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫, তাং-২৮-০২-২০১৭ ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে। জমির মালিক লোকমান হাকিম বলেন, সৈয়দ আলী গংরা দীর্ঘদিন ধরে আমার পরিবারের উপর অন্যায় অবিচার চালিয়ে আসছে। নিরুপায় হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।