গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী নাজমা বেগম এবং তাদের ৬ মাসের শিশু কন্যা শামীমাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় পর পুলিশ স্বামী ছামিউল ইসলামকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোররাতে গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানিয়েছেন, নাজমার সঙ্গে ছামিউলের দাম্পত্য কলহ চলছিলো। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ছামিউল ইসলাম স্ত্রী নাজমা ও শিশু কন্যা শামীমাকে শ্বাসরোধে হত্যা করে। প্রতিবেশিরা তাদের লাশ দেখে পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, অভিযুক্ত ছামিউল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ছামিউল স্ত্রী ও শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে।
এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।