• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

কর কমিশনার হত্যায় ৫ জনের ফাঁসি

ঢাকা: রাজধানীর রামপুরায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরকার এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- গাড়িচালক মো. নাসির, তার চার সহযোগী রাসেল তালুকদার, মো. রুস্তম, মো. আমির হোসেন ও সোহেল রানা।
বিচারক আরো ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। তারা হলেন- নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান।
রায়ের আগে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২ মার্চ রাতে রামপুরার নিজ বাসায় কমিশনার আবু তাহের ঘুমাতে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িচালক নাসিরসহ অজ্ঞাতনামা কয়েকজন গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে মুঠোফোন, স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করে। যাওয়ার সময় আবু তাহেরের ডান হাতের কব্জির রগ কেটে দেয় তারা।
এ ঘটনার পরের দিন সকালে আবু তাহেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান তার ছেলে এটিএম আরিফুল হক। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবার মৃত্যুর ঘটনায় ছেলে আরিফুল বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ৬ জানুয়ারি চালক নাসিরসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
অভিযোগপত্রের ৯ আসামি হলেন- চালক নাসির, তার সহযোগী রাসেল তালুকদার, রুস্তম, আমির হোসেন, সোহেল রানা, নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ