নীলফামারী প্রতিনিধিঃ নিজে রেলের সামগ্রী চুরি করবে না, অন্য কাউকে চুরি করতে দেবে না এবং চোরদের ধরিয়ে দেওয়ার শপথ করলো কয়েক শতাধিক মানুষ। সোমবার দুপুর সাড়ে ১২ টায় নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ডোমার পৌর সভার মেয়র আলহাজ্ব মনছুরুুল ইসলাম দানু ওই বাক্যগুলো পাঠ করান। গত ৯ মার্চ রাতে ডোমার ষ্টেশনে রেলক্রসিংয়ের একটি চাবি চুরি যাওয়ার প্রেক্ষিতে স্টেশন কর্মকর্তা, কর্মচারী, জিআরপি পুলিশ, শ্রমিক, কুলি, এলাকাবাসী, গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে পৌরসভা এক মতবিনিময় সভার আয়োজন করে। ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়ন, সাবেক প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, ইলিয়াছ হোসেন, শসছের আলী, সৈয়দপুর জিআরপি থানার এসআই মো: ইমরান হোসেন, কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, মিজানুর রহমান তুলু, এলাকাবাসী মো: রেজাউল করিম রাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো: আল আমিন রহমান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আগে ডোমার থেকে দিনে একটি মাত্র ট্রেন যাতায়াত করতো। আর এখন ছয়টি ট্রেন যাতায়াত করছে। অতিদ্রুত ডোমার-চিলাহাটি হতে হলদিবাড়ি রেল লাইন পুন:স্থাপন করার প্রক্রিয়া চলছে। আর এ সময় একটি কৃচক্রি মহল রেলের এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে মরিয়া হয়ে উঠেছে। রেলের উন্নয়নে স্টেশন সংলগ্ন এলাকায় অনেক দোকানসহ মানুষের নতুন কর্মসংস্থান তৈরী হয়েছে। তাই রেলের লোহা, স্লিপার, পাথর, ইটসহ সকল প্রকার রেলের সামগ্রী চুরি ঠেকাতে এলাকাবাসী শপথ গ্রহণ করে।