নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অগ্নিকান্ডে ১৪টি পরিবারের ৩৩টি বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।
সোমবার দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই গ্রামের বাবু রাম রায় বলেন, দুপুর দুইটার দিকে গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মানিকসহ ১৪টি পরিবারের ৩৩টি বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্র, ধান,চাল, নগদ অর্থসহ সর্বস্ব পুড়ে যায়। পরে খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে নীলফামারী দমকল বাহিনীর দলনেতা ফরহাদ হোসেন বলেন, ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে ১৪টি পরিবারের ৩৩টি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ক্ষয়ক্ষতির নির্ণয়ের কাজ চলছে। এদিকে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য দুপুরের খাবার প্রদান করা হয়েছে। এবং ক্ষতিগ্রস্থদের তালিকা প্রনয়নের কাজ চলছে, তালিকা প্রনয়ন শেষ হলে সরকারি সাহায্য প্রদান করা হবে।