ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরওয়ার পায়েল এ নোটিশ পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো- প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি।
আইনজীবী গোলাম সরওয়ার পায়েল জানান, এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০০৩ সাল থেকে একের অধিক অস্থায়ী ক্যাম্পাসের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সালের সঙ্গে সাংঘর্ষিক। এই আইনে বলা হয়েছে, প্রতিষ্ঠাকাল হইতে প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ ১২ বছর সময় দেয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ পাওয়ার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মহানগর এলাকায় এক একর জায়গার ওপর স্থায়ী ক্যাম্পাস থাকতে হবে। মহানগর ছাড়া দুই একর জায়গায় স্থায়ী ক্যাম্পাস থাকতে হবে। কিন্তু এসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর না করে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে গত ১৩ মার্চ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ১৪ মার্চ এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটিকে ১৫ মার্চ নোটিশ দেয়া হয়। নোটিশে দুই সপ্তাহের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে এসব বিশ্ববিদ্যালয় তাদের স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারলে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ও ভর্তি বাবদ আদায়কৃত অর্থ সুদসহ ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর সাময়িক অনুমতি প্রদান বিষয়ে ৭(২) ধারায় বলা হয়েছে, সাময়িক অনুমতিপত্রের মেয়াদ হবে তা প্রদানের পরবর্তী ৭ (সাত) বছর।