চট্টগ্রাম : চট্টগ্রামের জঙ্গি আস্তানা ছায়ানীড় থেকে দেড় থেকে দুই মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচটি লাশ উদ্ধার করা হলো।
চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম জানান, মহিলার লাশের নিচে শিশুর মরদেহটি চাপা পড়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সিআইডির সদস্যরা বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন। দিনভর বাড়ির ভেতরে পাওয়া অনেকগুলো বোমাও এরইমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে।
এর আগে কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিজেদের বিস্ফোরণ ঘটানো বোমায় দুই জঙ্গির শরীর ছিন্নভিন্ন হয়ে আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরিত বোমাটি জঙ্গিদের দ্বারা বিস্ফোরিত বোমাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলেও জানান তিনি।
উল্লেখ্য, বুধবার বিকেল ৩টায় চট্টগ্রামের ওই আস্তানায় অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় টানা ২০ ঘণ্টার অভিযান এসল্ট সিক্সটিন শেষ হয়। অভিযানে এক নারীসহ চারজন নিহত হওয়ার খবর জানা যায়। এরা সবাই নব্য জেএমবির সদস্য বলে পুলিশের দাবি। সন্ধ্যায় শিশুর লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা হলো পাঁচ।