মো. হারুন-অর-রশিদ, ঢেমরা (ঢাকা): ডেমরায় মো. শহিদ হোসেন (৪২) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বুধবার গভীর রাতে যাত্রাবাড়ীর রায়েরবাগ কবরস্থান রোডের রহমান খানের ভাড়া বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকায় বসবাসরত দুই অপহরণকারী কাজী নজরুল ইসলাম (৪৫) ও মো. লিটন হাওলাদাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে মহামান্য আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় একই এলাকার লাভলু (৩৮), মোস্তফা হাজী (৬৫) ও বিল্লাল হোসেন (৪৫) নামে জড়িত আরও ৩ জন পলাতক রয়েছে।
অপহৃতের স্ত্রী নার্গিসের বরাত দিয়ে ডেমরা থানার এসআই শাহাদাত জানায়, গত ৪ বছর আগে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে স্বপন অপহরণকারী নজরুল ইসলামের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেয়। এ সময় অপহৃত শহিদ ওই টাকার জিম্মাদার হন। এদিকে যথাসময়ে নজরুল ইসলামকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন স্বপন। পরে জমাকৃত ৫ লাখ টাকা ফেরত চাইলে গরিমসি করতে থাকে স্বপন।
এসআই শাহাদাত বলেন, ডেমরার শান্তিবাগ সাহিন শেখের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন শহিদ। গত বুধবার সকালে নার্গিস তার তার চিকিৎসার জন্য রাজধানীর পিজি হাসপাতালে যান। এদিকে বেলা সাড়ে ১০ টার দিকে নজরুল ইসলাম ও তার সহযোগীরা বাড়ি থেকে শহিদকে মারধর করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং বেদম প্রহার করে। পরে মোবাইল ফোনের দুটি নম্বর থেকে নার্গিসকে ফোন করে নজরুলের পাওনা টাকা পরিশোধ করে শহিদকে মুক্ত করে নেওয়ার জন্য হুমকি দেয়া হয়। এ ঘটনায় বুধবার রাতেই ডেমরা থানায় নার্গিস একটি মামলা দায়ের করেন।
ডেমরায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৮
ডেমরায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৮ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা, ১৫০ পুড়িয়া হেরোইন ও ৪৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এর আগে বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ডেমরার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হল- মো. আব্দুল আলী মোল্লা, মো. মোকলেছ ভূইয়া, মানিক চন্দ্র দাস, মো. মাসুদ রানা, মো. জুবায়ের হোসেন মুন্না, মো. রেজাউল করিম ওরফে রাজীব, মো. রিপন ও মো. সোহাগ। এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৮ টি মামলা হয়েছে।