ঢাকা: রাজধানীতে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যার অভিযোগে একমাত্র আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ জানান, আসামি ফখরুলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন জানান, নিহত আরিফা জামান ওরফে আরিফুন্নেছা আরিফা যমুনা ব্যাংকের পল্টন শাখায় চাকরি করতেন। সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের সামনে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রবিন।
একাধিক সূত্র থেকে জানা গেছে, আরিফা-রবিনের বিয়েটা ছিল প্রেমঘটিত। আরিফা আর রবিন দুজনেই জামালপুর সদর উপজেলার বাসিন্দা। আরিফা পড়তো জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আর রবিন জামালপুর জিলা স্কুলে। একইসঙ্গে তারা কোচিংও করতো। সে সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু বিয়ের পর রবিনের আচার-আচরণ আরিফাকে হতাশ করে। তাই সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে।
বর্তমানে রবিন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস ডিপার্টমেন্টের কর্মী ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনা পড়েন।
৪ বছর আগে রবিনের সঙ্গে আরিফার বিয়ে হয়। ৩ মাস আগে তাদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরও রবিন প্রায়ই তাকে বিরক্ত করত।
আরিফা ইডেন থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বছর খানেক আগে যমুনা ব্যাংকে চাকরিতে যোগ দেয়। ধানমণ্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল কলেজের পাশের ১৩ ওয়েস্টঅ্যান্ড স্ট্রিটের পাঁচতলা ভবনের নিচতলায় সাবলেট থাকতেন আরিফা।এর মাঝে আরিফা আর রবিন একবার নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা করে। তবে তা সফল হয়নি। রবিনের উগ্রতায় ত্যক্ত-বিরক্ত হয়ে মাস তিনেক আগে তাকে তালাক দেয় আরিফা। এটা মেনে নিতে পারছিল না রবিন।