অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আল্ট্রাবুক সিরিজের জেনবুকের নতুন ল্যাপটপ নিয়ে এলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের দেশে একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
সোমবার রাজধানীর বাংলামোটর আইসিটি জার্নালিস্টদের সংগঠন (বিআইজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে‘জেনবুক ফর অল’ শিরোনামে একটি ক্যাম্পেইনের মাধ্যমে এই ল্যাপটপ দেশের বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জেনবুকের নতুন ল্যাপটপের বিস্তারিত তথ্য তুলে ধরেন আসুসের পণ্য ব্যবস্থাপক আশিকুজ্জামান।
তিনি জানান, আল্ট্রাবুক সিরিজের জেনবুক দেশের বাজারে বিক্রির জন্য আসুস ‘জেনবুক ফর অল’ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনে দেশে জেনবুকের অনেকগুলো মডেল পাওয়া যাবে। চলমান ক্যাম্পেইনে আসুস জেনবুক লাইন আপে নতুন যোগ হয়েছে ইউ এক্স ৪১০ সিরিজ।
নতুন এই আল্ট্রাবুকের বিশেষত্ব হচ্ছে এর ডিসপ্লের দুপাশে ৬ মিলিমিটার ব্যাজেল রয়েছে। ফলে এর স্ক্রিন বডি অনুপাত ৮০ শতাংশ।
বিশ্বব্যাপী হালকা গড়নে শক্তিশালী নোটবুক হিসেবে আল্ট্রাবুকের চাহিদা বেড়েই চলেছে। আল্ট্রাবুক সিরিজের ল্যাপটপ সাধারণ ল্যাপটপ থেকে দেখতে আকর্ষনীয় এবং হালকা।
মাত্র এক দশমিক ৪ কেজি ওজনের এই জেনবুকে আরো থাকছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে ব্যাকলিট কি-বোর্ড থাকায় কম আলোতেও নোটবুকটিতে টাইপ করা যাবে।
ইউএক্স ৪১০ মডেলের জেনবুকটি ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফুল মেটাল বডির আল্ট্রাবুকটি ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই থ্রি বা কোর আই ফাইভ দুটি প্রসেসর দিয়েই মিলবে।
কোয়ার্টজ গ্রে আর গোল্ড দুটি আকর্ষণীয় রঙে নোটবুকটি বাজারে পাওয়া যাবে। মোট ১২ টি মডেল থেকে ক্রেতারা ইউএক্স সিরিজের নোটবুক বেছে নিতে পারবেন। এই সিরিজের মূল্য শুরু হবে ৪৭ হাজার টাকা থেকে।
এসময় উপস্থিত ছিলেন, আসুসের কান্ট্রি ম্যানেজার আল ফুয়াদ এবং আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দিন খোন্দকার।