• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

বর্ষবরণ উৎসবে সময়ের বেড়া

ঢাকা: বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা ছাড়াও আরও বেশ কিছু বিধি নিষেধ দিয়েছে সরকার। এর মধ্যে আছে, উন্মুক্ত স্থানে অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করা, মঙ্গল শোভাযাত্রায় মাঝপথে ঢুকতে না দেয়া, মোটর সাইকেলে আরোহী ছাড়া কেউ বসতে না পারা প্রভৃতি।

সোমবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পহেলা বৈশাখ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো নগরী নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে শুরু করেছে।’

২০০১ সালে রমনা বটমূলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের বোমা হামলার পর থেকেই নববর্ষ উদযাপনে নিরাপত্তার বিষয়টিকে ক্রমাগতভাবেই গুরুত্ব দেয়া হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিবিরোধী অভিযান এবং জঙ্গিদের আত্মঘাতী হয়ে উঠার প্রবণতার মধ্যে এবারের কড়াকড়ি আরও বেশি।

বর্ষবরণ অনুষ্ঠানে ইভটিজিং বন্ধেও এবার বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

পাঁচটার পরে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান্ নয়

নববর্ষে সকাল থেকেই শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠান বিকাল পেরিয়ে রাত পর্যন্ত গিয়ে গড়ায় মাঝে মাঝে। তবে দিনের আলো থাকতেই সব অনুষ্ঠান শেষ করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নগরবাসীর নিরাপত্তার বিষয় সবাইকে মাথায় রাখতে হবে। আমরা অনুরোধ করবো বিকাল ৫টার পর অনুষ্ঠান না করলে ভাল হবে।’   

মঙ্গলশোভা যাত্রায় মাঝখানে ঢোকা যাবে না

নববর্ষের সকালে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হলেও চলতি বছর থেকে সারাদেশেই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শোভাযাত্রা বের করার নির্দেশনা দেয়া হয়েছে। ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তের সমালোচনা করছে।

এই শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে কড়াকড়ি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যেখান থেকে শুরু হবে সবাইকে ওই জায়গা থেকেই শোভাযাত্রায় অংশ নিতে হবে। মাঝখান থেকে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘এবার রমনা, চারুকলা ইনস্টিটিউট ও রবীন্দ্র সরোবরে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এসব জায়গায় সিসিটিভি, আর্চওয়ে, ওয়াচ টাওয়ারসহ সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।’

মটর সাইকেলে আরোহী নয়

নববর্ষে ঘুরতে বের হওয়া মানুষদের মধ্যে জনপ্রিয় বাহন মোটর সাইকেল। এমনিতে চালক ছাড়াও একজন আরোহী বহন করা যায় মোটর সাইকেলে। তবে পয়লা বৈশাখে এই দ্বিচক্রযানে আরোহী বসা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, এদিন ছেলেদের কোনো ধরনের ব্যাগ বহনও নিষিদ্ধ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তবে মেয়েরা ভ্যানিটি ব্যাগ বহন করতে পারবে।

বাঁশি, ভুভুজেলা ও মুখোশ নিষিদ্ধ

গত কয়েক বছর ধরে বর্ষবরণ উৎসবে ভুভুজেলা মানুষদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিকট শব্দে বাজানো আফ্রিকান এই বিশেষ বাঁশিগুলো শ্রবণযন্ত্রে যন্ত্রণাও তৈরি করে। এ জন্য এবার ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইদিন মুখোশও পরা যাবে না বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ