সিসি নিউজ: ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিএনপির বিরোধিতার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে ভারতের সঙ্গে কোনো চুক্তি হবে না।’
বুধবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ হাউজিং সোসাইটির প্লট বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।’
বিএনপির এই দাবির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন,‘দেশ বেচে দেবে…কী চুক্তি করবে…এই চুক্তি হলে মানবো… ওই চুক্তি হলে মানবো না…কে তারা? কী মানলো না মানলো, কার কী আসে যায়?’
ইন্দিরা-মুজিব চুক্তি নিয়ে তিনি বলেন, ‘এক সময় বিএনপি নেতারা এটাকে গোলামীর চুক্তি বলত। তারপর দেখা গেল, সেই চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ লাভবান। গোলামী না, বরং অনেক জমি অনেক কিছু বাঙালিরা পেয়েছে।’