মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারনা জমে উঠেছে। দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৬৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ প্রাথীসহ ১০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিরল উপজেলার ৭নং বিজোড়া ও ১১নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল। নির্বাচনকে ঘিরে দু’টি ইউনিয়নে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। প্রার্থীরা ইউনিয়ন দু’টির প্রতি বাড়ী, হাট-বাজার, রাস্তা-ঘাট ও পাড়া-মহল্লায় দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া ইউনিয়ন দু’টির বিভিন্ন পাড়া-মহল্লায় ও হাটে-বাজারে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থী ও তাদের সমর্থকদের ঘুম যেন হারাম হয়ে গেছে। নিজেদের পছন্দের প্রার্থীদের জিতিয়ে আনতে নিরলস কাজ করছেন প্রার্থীদের স্বজন ও সমর্থকেরা।
৭নং বিজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন (আ’লীগ) নৌকা প্রতীক, সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ (বিএনপি) ধানের শীষ প্রতীক, আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র) আনারস প্রতীক ও সামজুজ্জামান (জাপা) লাঙ্গল প্রতীক। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে ১১নং পলাশবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- খায়রুল ইসলাম খোকন (আ’লীগ) নৌকা প্রতীক, মোশারফ হোসেন (বিএনপি) ধানের শীষ, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান (স্বতন্ত্র) মোটরসাইকেল, আব্দুস শুকুর (স্বতন্ত্র) আনারস প্রতীক ও সাবেক চেয়ারম্যান আসলাম কাদির রয়েল (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক। এছাড়া এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিরল উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জেবুন্নেছা শাম্মী জানান, বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়নে ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিজোড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ১৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৯৯ ও মহিলা ভোটার ৭ হাজার ৪৬৬ জন। অপরদিকে পলাশবাড়ী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১০ হাজার ৪৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ৫ হাজার ৪০৩ জন ও মহিলা ভোটার ৫ হাজার ৫৮ জন।