
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঢাকারপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুরা হলো- ঢাকারপাড়া গ্রামের সবুজ মিয়ার শিশু কন্যা সীমা (৫) ও একই গ্রামের রকি মিয়ার শিশু কন্যা রুপা (৫)। তারা দুজনেই এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে শিশু দুটি ঢাকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায়। বিকেলে এলাকাবাসী ওই পুকুরে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।