দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরলের এমসি অটো রাইচ মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ হাজার খালি বস্তাসহ অন্যান্য আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে বিরল উপজেলার রবিপুর এমসি অটো রাইচ মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, ভোর আনুমানিক ৪টার দিকে এমসি অটো রাইচ মিলে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন গোটা মিলে ছুড়িয়ে পড়ে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে অটো রাইচ মিলের প্রায় ৪০ হাজার খালি বস্তা, মিলের অন্যান্য আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে এমসি অটো রাইচ মিলের স্বাত্বাধিকারী মো. মনিরুজ্জামান চৌধুরী সুলতান জানান, মিলের ম্যানেজার মারফত খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তিনি জানান, আগুনে তার মিলের ৪০ হাজার খালি বস্তা, অন্যান্য আসবাবপত্র ও যন্ত্রপাতি মিলে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।