বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ থেকে জেএমবির ‘সারওয়ার-তামিম গ্রুপের সক্রিয় দুই সদস্যকে’ গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন, জেলার চিরিরবন্দর উপজেলার রানীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে মো. সেলিম (২৮) ও নশরতপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে খাদেমুল ইসলাম (২৭)।
র্যাব-১৩-এর অধিনায়ক বি এম আতিকুল্যাহ জানান, রোববার রাতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ রামেশ্যাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আতিকুল্যা বলেন, গভীর রাতে রানীগঞ্জ রামেশ্যাপুর দারুলহুদা ফাজিল মাদ্রাসায় খাদেমুল এসে সেলিমের সঙ্গে বৈঠক করবেন এমন খবরের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। রাত সাড়ে ৩টার দিকে মাদ্রাসা এলাকা থেকে জেএমবির সক্রিয় ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তারা নব্য জেএমবির নেতা সারওয়ার-তামিম গ্রুপের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
সেলিমের নামে চিরিরবন্দর থানায় নাশকতার মামলা রয়েছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, সেলিম আত্মগোপনে থেকে এলাকায় জেএমবির জন্য চাঁদা ও কর্মী সংগ্রহসহ প্রচারণা চালাতেন।
আর খাদেমুল মাঝে মধ্যে তার কাছে এসে সাংগঠনিক বৈঠক করতেন। এলাকায় তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন।
মামলার পর সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা আতিকুল্যা।