পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি-বাজিতপুরে ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম (৪৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল পাঁচবিবি পৌর শহরের গোহাটি এলাকার সীতা ফকিরপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আমিনুল ইসলাম ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে পাঁচবিবি থেকে একই উপজেলার বাজিতপুর মিশন মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।