ঢাকা: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর সিনেট শিক্ষক প্রতিনিধি (৩৫ জন) নির্বাচন আগামী সোমবার, (২২ মে) অনুষ্ঠিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনেট নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং দুপুর ১টা পর্যন্ত চলবে।
ঢাবি উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এ নির্বাচন পরিচালনা করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এল) এবং (৩) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ ম স আরেফিন সিদ্দিক এ নির্বাচনের নির্দেশনা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৮ (৪) ধারা অনুযায়ী সিনেটে সদস্য পদের জন্য অনূর্ধ্ব ৩৫ জন শিক্ষকের নাম প্রার্থীরূপে প্রস্তাব করা যাবে। নির্বাচনের ভোটার তালিকার কপি এবং মনোনয়নপত্র সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কাছে পাওয়া যাবে।
প্রার্থীদের মনোনয়নপত্র ১১ মে (বৃহস্পতিবার) দুপুর ১টার মধ্যে বা তার আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হবে। ১৪ মে (রবিবার) দুপুর ১টার মধ্যে কোনো প্রার্থী লিখিত পত্রের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।