• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

প্রধান শিক্ষক বটে!

New Rose Cafe, Saidpur

বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি ময়দান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে উপস্থিত না থাকা, গোপনে ম্যানেজিং কমিটি গঠন করাসহ উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কাছে অবিভাবক জাহাঙ্গির আলমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের অনিয়ম ও দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস।
লিখিত অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না এসে ৮/১০ দিন পর হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে যান। পাঠদান করান না শিক্ষার্থীদের। স্কুল প্রতিষ্ঠার পর আজ পর্যন্ত অংশগ্রহণ মুলক পরিচালনা কমিটি গঠন করা হয়নি। স্লীপের টাকা দিয়ে শিক্ষা উপকরণ কেনার কথা থাকলেও কোন উপকরণ কেনা হয়নি প্রতিষ্ঠানে। এমনকি বিদ্যালয়ের আলমিরাও রেখেছেন নিজ বাড়িতে। ১২৬জন শিক্ষার্থী থাকলেও অতিরিক্ত শিক্ষার্থী দেখিয়ে বই গ্রহণ এমনকি বই বিতরণেও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে থাকেন তিনি। উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের না দিয়ে আত্মসাত করেন তিনি।
এছাড়া স্ত্রী তালাক প্রাপ্ত হলেও স্ত্রীর নাম ও নিকটাত্মীয়দের ছেলে হিসেবে নাম ব্যবহার করে শিক্ষা ভাতার টাতা উত্তোলন করছেন অদ্যাবধি।
সরেজমিনে গিয়ে পাওয়া যায় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির চিত্র। তাকে বিদ্যালয় থেকে সরানোর জন্য একাট্টা হয়েছেন স্থানীয়রা সবাই।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মিলি আক্তার, নুর আলম ও তৃতীয় শ্রেণীর ছাত্রী লাজিনা আকতার বলেন, হেড স্যার আমাদের কোন দিন ক্লাশ নেননি। তাকে নিয়মিত স্কুলেও দেখি না। উপবৃত্তির টাকাও পাই না আমরা। কোন সুযোগ সুবিধা এমনকি স্কুলে কোন অনুষ্ঠানও হয় না।
অভিভাবক ও শিক্ষক আনোয়ারুল ইসলামের প্রতিবেশি জুলেখা বেগম বলেন, আমার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে এই বিদ্যালয়ে। হেড স্যার বিয়ে করলেও মাত্র ক’দিন সংসার করে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তার কোন সন্তান নেই। তাহলে তিনি কিভাবে শিক্ষা ভাতা পান। স্কুলটিকে হেডস্যার বেকুপ প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
আরেক অভিভাবক মকছুদা বেগম অভিযোগ করে বলেন, আমার দুটি সন্তান এখানে পড়ে। উপবৃত্তির কার্ড রয়েছে তাদের কিন্তু টাকা দেয়া হয় না। গত বছর টাকা নেয়ার জন্য বিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু স্যার কিসের টাকা বলে বিদ্যালয় থেকে বের করে দেন আমাকে।
হেড স্যারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য মন্তব্য করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ বলেন, বিদ্যালয়ে কোন দিন হেড স্যার ক্লাশে ঢোকেন নি। কোথায় কি করেন আমরা জানি না। উন্নয়নের কোন চিত্র নেই বিদ্যালয়ে। সরকারী বরাদ্দ ওনার পকেটে। ৮/১০দিন পর হঠাৎ এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান।
তিনি আক্ষেপ করে বলেন বিদ্যালয়ে একটি বৈদ্যুতিক পাখা লাগাতে পারি নি। কি যে কষ্ট করে থাকতে হয়। স্যারকে বললে তিনি উল্টো বলেন, তোমাদের প্রয়োজন হলে নিজের পকেটের টাকা খরচ করে লাগান।
লিখিত অভিযোগের বিষয়ে অভিভাবক, স্থানীয় এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তদন্ত করছেন তিন সদস্যের টিম। যার প্রধান হিসেবে রয়েছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন। এছাড়া অন্য দুজন হলেন নুরুজ্জামান ও রফিকুল ইসলাম।
তদন্ত দলের প্রধান সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন বলেন, সোমবার(০৮মে) আমরা বিদ্যালয়ে উপস্থিত থেকে ৬০জনের স্বাক্ষ্য গ্রহণ করেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বলেছেন স্বাক্ষ্যপ্রদান কারী ব্যক্তিরা। তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও স্থানীয়রা ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে পুঞ্জিভুত ক্ষোভ প্রকাশ করেছেন সবাই।
অভিযোগকারী জাহাঙ্গির আলম বলেন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামকে ওই বিদ্যালয় থেকে অপসারণ করা জরুরী। শিক্ষার পরিবেশতো নেই। উনি দায়িত্বে থাকলে গোল্লায় যাবে। তার অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। আমরা আশা করছি তাকে এখান থেকে সরানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে কোন ভোট হয় না। গোপনে কমিটি করেন। আগে বড় ভাই রেজাউল ইসলামে সভাপতি বানিয়েছিলেন এবার ছোট ভাই হামিদুল ইসলামকে সভাপতি বানিয়ে রেখেছেন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিথ্যে অভিযোগ করছেন। স্থানীয়দের প্রভাবিত করে কুৎসা রটানো হচ্ছে। আমার স্ত্রী নেই ছাড়াছাড়ি হয়ে গেছে তবে সরকারী ভাতাও গ্রহণ করি না।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান জানান, তদন্ত কাজ চলছে। আমরা তদন্ত রিপোর্ট উপ-পরিচালক বরাবর দাখিল করবো। প্রয়োজনীয় ব্যবস্থা উর্দ্ধতন কর্তৃপক্ষ গ্রহণ করবেন।
অনধিক সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ঠ দফতরে পাঠানো হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ