আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সোমবার এ খবর প্রকাশ করে।
কারাদণ্ড প্রাপ্ত আট বিচারপতি হলেন-প্রধান বিচারপতি জেএস খেহর, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি আর ভানুমতী। এদের মধ্যে বিচারপতি ভানুমতী বাদে বাকি ৭ জন বিচারপতি একই বেঞ্চের সদস্য। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সেই ৭ সদস্যের বেঞ্চই বিচারপতি কারনানকে বিচার এবং প্রশাসনিক কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল।
বিচারপতি কারনান তার রায়ে বলেন, ‘ওই আট বিচারপতি ১৯৮৯ সালের তফসিলি জাতি-উপজাতি নিপীড়ন আইন এবং ২০১৫ সালের সংশোধনী মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো।’
সোমবার বিচারপতি কারনান কলকাতার নিউ টাউনের বাসভবন থেকে ১২ পৃষ্ঠার এ আদেশ জারি করেন।
বিচারপতিদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের সঙ্গে এই আটজন বিচারপতিকে ১ লাখ রুপি করে জরিমানাও করেছেন তিনি। এক সপ্তাহের মধ্যে দিল্লির খান মার্কেটে তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত জাতীয় কমিশনে সেই টাকা জমা দিতে হবে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন তিনি।