ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই তরুণীকে ধর্ষণের মামলায় শাহিন, কৃষ্ণ ও রাজু নামে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শাহিন কোটচাঁদপুর রেল স্টেশনপাড়ার ফজলুর রহমানের ছেলে, কৃষ্ণ বাজেবামনদহ গ্রামের শ্রীকান্তের ছেলে ও রাজু স্টেশনপাড়ার হারেজ আলীর ছেলে।
পুলিশ আজগার আলী ও সবুজ নামে আরো দুই ধর্ষককে খুঁজছে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে কোটচাঁদপুর থানায় বুধবার দুপুরে ৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলা নং ৯/২০১৭।
ওসি জানান, শেখ শাহিন, রাজু আহম্মেদ ও কৃষ্ণ নামে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আজগার আলী ও সবুজ নামে আরো দুই ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে।
মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ও মনোহরপুর গ্রামের দুই নারী কোটচাঁদপুরে আসেন সুন্দরবন এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার উদ্দেশে।
রাতে তারা ট্রেনের জন্য কোটচাঁদপুর স্টেশনের প্লাটফর্মে অপেক্ষা করছিলেন। এ সময় যুবলীগ নেতা কৃষ্ণ, রাজু, সবুজ, আজগার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন তাদের উঠিয়ে নিয়ে প্রথমে বিহারীপাড়া ও পরে সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের পেছনে রিকশাচালক আজিমের কলোনিতে নিয়ে যায়। সেখানে সারারাত ধরে মেয়ে দুটির ওপর পাশবিক নির্যাতন চালায় তারা।
পরে বিষয়টি ধামাচাপা দিতে ষাট হাজার টাকায় রফা করা হয়। কিন্তু ধর্ষণের ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়লে পুলিশ বুধবার তাদের গ্রেফতার করতে বাধ্য হয়।
কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের কোন্দল থাকায় বিষয়টি নিয়ে গেম খেলা হচ্ছে। এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুরিশ সুপার রেজাউল করিম জানান, তিনি ট্রেনিংয়ে ঢাকায় অবস্থান করছেন। তবে এ ধরণের ঘটনা ঘটে থাকলে পুলিশ কোনো আপস করবে না।
মেয়ের চাচা ও এক নিকটাত্মীয় জানান, মেয়ে দুটি পুলিশ হেফাজতে রয়েছে। তারা যার যার নাম বলেছে এবং চিনতে পেরেছে পুলিশ তাদের আসামি করেছে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বুধবার বিকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম দুই মেয়েকে ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়েছে।