সিরাজগঞ্জ : রাজনধানীর বনানিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় পলাতক ধর্ষক নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমকে রাতেই গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ধর্ষণের ঘটনার সাথে জড়িত নাঈমের বাড়ি সিরাজগঞ্জের গান্ধাইলে জানতে পেরে বৃহস্পতিবার (১১ মে) সিরাজগঞ্জে অবস্থানকালে স্বাস্থ্যমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় আসামিকে পাওয়া না গেলে তার পরিবারের ওপর চাপ প্রয়োগ করে হলেও আসামিকে ধরতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। ধর্ষককে ধরতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ইতোমধ্যেই কাজ শুরু করেছেন বলে সংবাদকর্মীদের জানান তিনি।
জানা গেছে, সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম নামে ঢাকায় বাস করছিলো।
প্রসঙ্গত, কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুনে স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি পরিচয়ে ধর্ষক ও প্রতারক নাঈম আশরাফ এর নাম শোভা পাচ্ছে।
বনানী থানার পুলিশ কর্মকর্তাদের আচরণের বর্ণনা দিলেন ধর্ষিত দুই ছাত্রী
রাজধানীর বনানীর রেইনটি হোটেলে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর মধ্যে একজন বলেন, ‘বলতে পারেন থানায় মামলা করতে গিয়ে আমরা পুলিশের হাতে ফের ধর্ষণের শিকার হয়েছি।’
এভাবেই বনানী থানার পুলিশ কর্মকর্তাদের আচরণের বর্ণনা দেন ধর্ষিতা ছাত্রী। ওই দুই ছাত্রী বলেন, এতদিন আমরা পুলিশের নেতিবাচক আচরণ সম্পর্কে লোকমুখে শুনতাম এবার আমরা নিজেরাই শিকার। তারা বলেন, ধর্ষকদের অব্যাহত হুমকির মুখে বনানী থানায় অভিযোগ দিতে গিয়েও আমরা হেনস্থার শিকার হয়েছি।
থানার ওসি (বিএম ফরমান আলী) অযথায় আমাদের ৩ দিন ঘুরিয়েছেন। ধর্ষণের অভিযোগ তিনি নিতে রাজি হননি। আমরা প্রতিদিন সকালে থানায় যেতাম। ডিউটি অফিসারের সামনে ঘণ্টাখানেক বসে থাকার পর ওসির রুমে আমাদের ডাক পড়ত। ওসি একা দরজা লাগিয়ে তার কক্ষে বসে আমাদের মুখে ধর্ষণের বর্ণনা শোনেন। ঘটনার বিষয়ে বারবার একই প্রশ্ন করেন। ‘কিভাবে হল’, ‘কেমন করে হল’ এসব অশ্লীল প্রশ্ন করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন দুই তরুণী। ওই ঘটনায় ৪০ দিন পর শনিবার সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।
মামলায় আসামি করা হয়েছে- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, বিল্লাহ হোসেন ও অজ্ঞাতনামা একজনকে। আসামিদের কেউ এখনও গ্রেফতার হয়নি।
তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা ও আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের দাবি, তার ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে এমন কাজ করেছেন তার সাবেক স্ত্রী।