সিসি ডেস্ক: বগুড়ায় জাসদ নেতার ছেলে স্কুলছাত্র মাসুক ফেরদৌস মাসুক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন ওই স্কুলছাত্রের বাবা অ্যাড. এমদাদুল হক এমদাদ।
মামলার অন্যান্য আসামিরা হলেন- ক্রিকেটার মুশফিকুর রহিমের চাচা ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মেজবাহুল হামিদ (৪৫), মো. লাল মিয়া (৪০), মো. খায়রুল (৪২), আল আমিন হেলাল (৪০), ছামছুল (৪৮), মো. তারাজুল ইসলাম (৪২), মো. নাইম ইসলাম (১৮), মো. অনিক ইসলাম (১৯), মো. নাহিদ (৩২), কাঞ্চন (২৮), ফয়সাল (২২), শাকিল (২৮), সাকিব (২৪), বিটুল (২৮) ও আল মামুন (৩০)।
মামলায় অভিযোগ করা হয়, মাহবুব হামিদ তারা ও তার ছোট ভাই মো. মেজবাহুল হামিদের সঙ্গে পারিবারিক শত্রুতা এবং মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বাদীর শত্রুতা চলে আসছিল। এতে করে আসামিরা বিভিন্ন সময় বাদী ও বাদীর পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে প্রতিবেশী বেলাল হোসেন ফকিরের বাড়িতে তার ছেলে নাইমকে দিয়ে মাসুক ফেরদৌস মাসুককে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এসময় প্রধান আসামি মাহবুব হামিদ তারা ও অপর আসামি লালমিয়া মাসুককে জাপটে ধরেন। এরপর মামলার আরেক আসামি ফয়সাল মাসুককে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করেন। এসময় মাসুক মাটিতে লুটিয়ে পড়লে তারা উল্লাস করে চলে যায়। অধিক রক্তক্ষরণে মাসুকের মৃত্যু হয়।
এদিকে, হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হলেও সাফিন নামে এক কিশোরকে রেখে বাকি দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটক সাফিন নিহত মাসুক ফেরদৌসের বন্ধু।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন নিহত স্কুলছাত্র মাসুকের বাবা।