• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

নরসিংদীতে অভিযান : ৫ যুবকের আত্মসমর্পণ

নরসিংদী: নরসিংদী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অবস্থানরত ৫ যুবক আত্মসমর্পণের পর তাদের ওই বাড়ি থেকে বের করে এনেছেন র‌্যাব সদস্যরা।
তাদের মধ্যে সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা কয়েকজন ‘জঙ্গি’ রয়েছে বলে র‌্যাব দাবি করলেও স্বজনরা বলছেন, জঙ্গিবাদের সঙ্গে তারা জড়িত নয়।
শনিবার সন্ধ্যার দিকে নরসিংদীর গাবতলীর চিনিসপুর ইউনিয়নের উত্তর গাবতলী গোরস্তানের উত্তর পাশের একতলা ওই বাড়ি ঘেরাও করার পর ভেতরে ৫-৬ জন থাকার কথা জানিয়েছিল র‌্যাব।
আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ভেতরে অবস্থানকারীদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তারা আত্মসমর্পণে প্রস্তুত বলে জানিয়েছে। আমরা সব দিক দিয়েই চেষ্টা করছি, যাতে এখানে সর্বোচ্চ নিরাপত্তাটা থাকে। সবদিক থেকেই চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য। তাদের স্বজনদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এটা চেষ্টা করছি।
এরপর বেলা পৌনে ১১টা পর্যন্ত ৫ যুবককে ওই বাড়ি থেকে বের করে আনতে দেখা যায় র‌্যাব সদস্যদের।
ভেতরে কিছু পাওয়া গেছে কিনা জানতে চাইলে মুফতি মাহমুদ বলেন, ‘তারা আত্মসমর্পণ করার পরে আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে সার্চ করবে। কিছু পেলে আপনাদের তা জানানো হবে।’
সালাহউদ্দিন নামে যে ব্যক্তি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে, সেই সালাউদ্দিনের বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করছে। কিছুদিন আমার সঙ্গে একটি মাদ্রাসায় গেস্ট টিচার হিসেবে শিক্ষকতা করছে। এরপর সে চাকরি ছেড়ে বিসিএস দেয়ার জন্য কনফিডেন্সে কোচিং করছে। নরসিংদীতে থেকে টিউশনি করে। সে বলেছিল ঢাকায় তার ভালো লাগে না। সে জঙ্গি না।  শুক্রবারও সে বাড়িতে গেছে। আমি গতকাল রাতে খবর পেয়ে এখানে এসেছি। ফোনে তার সঙ্গে কথা বলেছি। র‌্যাব আমাকে বলেছে তারা বিষয়টি দেখবে।’
উল্লেখ্য, শনিবার বিকাল ৪টায় নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি ঘিরে ফেলে র‌্যাব-১১ এর একটি দল।  র‌্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহউদ্দিন। বাড়িটিতে সেসহ আরও ৫-৬ জন রয়েছে। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ