।। মোঃ আক্তার হোসেন শাহিন ।।
অবজ্ঞা করা অভ্যাস থেকে সংস্কৃতিতে পরিণত হয়েছে। উচ্চশিক্ষিত শ্রেণির ঢাউস বৃদ্ধিও অবজ্ঞাসংস্কৃতিকে মোডারেট পর্যায়ে আনতে পারবে এমন ভরসা নেই। অবজ্ঞা অত্যন্ত প্রাচীনকালের বিষয়। বখতিয়ার খিলজির বীরত্ব আছে কিন্তু লক্ষ্মণ সেনের রাজসিকাচারের উপর অবজ্ঞাও কি কম ছিলো? গোয়েন্দা তথ্যে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে তার মনে হয়েছে কৌশলী হলেই সতের সৈন্যে লক্ষ্মণ কুপোকাত হবে। হয়েছেও তাই। অবজ্ঞা আর সম্মান পাশাপাশি চলে, যাকে সঙ্গে নিয়ে চলতে চাই, সে আমাদের সাথে যাবে অন্যটা পিছিয়ে পড়বে। কিন্তু সমস্যাটা হলো, আমরা দুটোকে সাথে রাখতে চাই, সম্মান জেবের ভিতরের পকেটে আর অবজ্ঞাকে সামনের খোলা পকেটে রাখতেই স্বস্তি বোধ করি—যেন সময়মত আব্দুল মোস্তফার দিকে অবজ্ঞা ছুড়ে দিতে দেরি না হয়! মোস্তফার দু’সন্তান। একজন পোস্টাফিসের কেরানী অন্যজন আদালতে আইন অনুশীলন করে। অবজ্ঞা ছুড়ে দেওয়ার কারণ ওটাই। দিনমজুরের সন্তান, ওআর কি এমন হয়েছে! প্রায়শই, শুনতে পাই, সামনের বেঞ্চের শিক্ষার্থী অমুক হয়, পিছনের বেঞ্চের শিক্ষার্থী এক পুকুর তিনবার খুড়ে আমলা নাম সার্থক করে। সক্রাতেসের জন্য দুঃখ হয়, বেচারা সামনের বেঞ্চে না বসে জ্ঞানরাজ্যে আসন করে নিয়ে হাল আমলে সামনের বেঞ্চের শিক্ষার্থীদের বিপাকে ফেলে দিয়েছে। এই বিপাক থেকে পাকে ফিরতে জেবের সামনের পকেটে হাত দিতে দিতে ভিতরের পকেট ছিঁড়ে যাবার উপক্রম হয়। আমি ঠিক জানি না বিজ্ঞানের ইঞ্জিনিয়ার আর ডাক্তার হওয়ার জন্য কিংবা আইন ও দর্শনের চর্চা করার জন্য প্লেটো কোথায় গিয়েছিলো; ঠিক আমাদের মত কলা, বিজ্ঞান বা ব্যবসায় অনুষদের মত কিছু ছিলো কিনা খুঁজে দেখার সময় এসেছে। জ্ঞান-বিজ্ঞানের অনেক আধুনিকায়ন হয়েছে, মানুষের খাবার সংস্থান হয়েছে, থাকার জন্য আরাম দায়ক বাসস্থান হয়েছে, আয়েশি আয়োজন হয়েছে শুধু আমাদের মাঝ থেকে কলাবিদ্যা চলে গেছে; আয়েশ আছে আরাম আছে শুধু আনন্দ নেই! সম্প্রতি বাংলাদেশে অস্থির বাতাস বইছে। সামনের বেঞ্চের শিক্ষার্থী হওয়ার জন্য যেমন অসুস্থ প্রতিযোগিতা চলছে তেমনি পিছনে বসা শিক্ষার্থীদের যে প্রতিভা থাকতে পারে এই বিশ্বাস কর্পূরের মত নিয়ত বাতাসে উড়িয়ে দিতে দিতে বর্ষাকালের কাপড়ের গুমোট গন্ধটুকু টেনে বার করে আনছে । এই জন্য কাকে দায়ী করা যেতে পারে তার উত্তর কে দিবে? আমরা ঠিক বিদ্যার অংশটুকু স্পর্শ করতে পারছি কিনা জানি না। সহিষ্ণুতার মাত্রা দিন দিন কমে যাচ্ছে। কারো কথা শুনবার ইচ্ছে কারো নেই। শুধু বলতে চাইছি। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আরেক কেচ্ছা কারবার; রুগী মারা গেছে, রুগীর চারিত্র্য বিশ্লেষিত হইছে, হাসপাতাল ভাঙছে, মামলা হইছে, যাক বড় পর্যায়ের লড়াই বড়রাই থামিয়ে নিবে— মাঝ খানদিয়ে কলা ভবনে কলা খেয়ে বাঁদরামি স্বভাবের আচরণ যখন প্রেসক্রিপশন হয়, তখন সামনের বেঞ্চের সকরুণ অবস্থা আমাকে বাধ্য করে বলতে, “রেখেছো বাঙালি করে মানুষ করোনি।” সামনের বেঞ্চে বসলেই তাদের সৌজন্যবোধ, জবাবদিহিতা জিরো আওয়ারে পৌঁছে যাবার মত যোগ্যতা তৈরি হয়ে যায় কিনা ভেবে দেখা দরকার। আশ্চর্য অবজ্ঞার আরো উদাহরণ নিত্য বের হচ্ছে। কৃষকদের মত পরিশ্রম আর কোন পেশাশ্রেণি করে ঠিক বলতে পারছি না; অতীতে কৃষকের ফসল পাগলা হাতিতে নষ্ট করে দিতো, শত্রুতা বশত ধানক্ষেতে আগুন লাগিয়ে দিতো, উৎপাদিত শস্যের দুইতৃতীয়াংশ জমিদার নিয়ে নিতো, প্রাকৃতিকবিপর্যয় ফসল নষ্ট করে দিতো কিন্তু কৃষক কোন দিন বলে নি তারা আর চাষ কাজ করবেনা। অথচ একবার কোন কোন শিক্ষক বলেছে শুনেছি আমলাদের সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে; এখন যেমনটা শুনছি চিকিৎসাসেবা কারো কারো জন্য বন্ধ করে দেওয়া হবে! ইশ, লিখতে ইচ্ছে করছে এইভাবে কৃষকপুত্র মোঃ আক্তার হোসেন শাহিন, যার বেঞ্চের নির্দিষ্ট কোন ঠিকানা ছিলোনা, না সামনে না পিছনে! তবুও বেঁচে থাকার মত উপার্জন তার আছে, শুধু অবজ্ঞার সাথে লড়াই চলছে, তাই কলা ভবনের কলা খেয়ে বাঁদরামো শিখেছি শুনলে তেঁতে যাইনে, ছড়ি ঘুরানো আমলা বললে গালি পাড়িনে, ব্যাকবেঞ্চার বলে কটুক্তি করলে ভেঙে পড়িনে, কারণ বাবা কৃষক(ভুল বুঝবার সম্ভবনা আছে, কারণ অধিকাংশের বাবাই কৃষক)—ঔদার্যে মানুষ করেছে!
লেখক: সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর।