দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম (ছাইতানকুড়ি) গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ী-ঘর ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বড়গ্রাম গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে মো. আকবর আলী (৪৫) কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, সদর উপজেলার বড়গ্রামর মৌজার জেএল নং-১৯৫, খতিয়ান নং-সিএস-৪২৭, বিএস-৫১৪, ডিপি-৫৮ এর অন্তর্ভুক্ত বাড়ী সাবেক ৩৬৩২, হাল-৫০১১ দাগের ৪৭ শতক সম্পত্তি মো. শামসুল আলমের নিকট থেকে কবলা দলিলমূলে আকবর আলী ও তাঁর ভাই ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখলসহ যাবতী স্বত্বে মালিক হন। বর্তমানে ওই সম্পত্তির মধ্যে ১১ দশমিক ৭৫ শতক সম্পত্তিতে আকবর আলী বসতবাড়ী করে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে আসছিলেন।
বড়গ্রাম গ্রামের মৃত নালু শাহ’র ছেলে আব্দুল গফুর (৫৫) ও মো. তাজমুল হোসেন (২৮), মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (৫০), হামিদুর রহমান (৪৮), মজিবর রহমান (৩৯), তহিদুল ইসলাম (৩৭), সফর আলীর ছেলে আব্দুস সোবহান (৪৬), আফসার আলী (৫৫) ও তার ছেলে মো. রুবেল (৩০), তফসের আলীর ছেলে মিলন (২৫), মৃত তফের আলীর দুই ছেলে আসাদুর (৩৫) ও গোলাম মোস্তফা (৩৮), মৃত খাজের মোল্লার ছেলে একরামুল (৫৫), একরামুলের ছেলে হারুন (৩০), মৃত কফিল উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০) ও জমিল উদ্দিন ((৫৫), রমজান আলীর ছেলে ইব্রাহিম (৬২), মো. কলা চৌধুরীর ছেলে আবু তাহের (৪০), মৃত নুর ইসলামের ছেলে আজাহারুল (৩০) ও হাচান আলীর ছেলে তারিকুল ইসলামসহ (২৮) তাদের সহযোগিরা পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩-০৫-২০১৭ তারিখ মঙ্গলবার সকাল আনুমানিক ৭টায় ছোরা, হাসয়া, দা, লোহার সাবল, কুড়াল, লাঠি-সোঠাসহ দলবদ্ধ হয়ে আকবর আলীর বসতবাড়ীর জায়গা জবরদখলের উদ্দেশ্যে তার বাড়ীতে অনধিকার প্রবেশ।
এ সময় সংঘবদ্ধ দলটি আকবর আলীর বসতবাড়ীর ঘর ভেঙ্গে ও কেটে ঘরের টিন, কাটের চৌকি, ঘরের ঘেরা-বেড়া, একটি সোনার চেইন, একজোড়া সোনার রুলী, ১২ আনা ওজনের একজোড়া সোনার ঝুমকা, ধান বিক্রির টাকা, মূল্যবান কাপড় চোপরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। লন্ঠিত এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৯ হাজার টাকা। তারা চলে যাওয়ার সময় এই বলে হুমকি দেয় যে, বুকের পাটা থাকলে এগিয়ে আসো, আজ তোদের লাশ বানিয়ে পুতে দিবো। তাদের হুংকারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।
তাৎক্ষনিক মোবাইলে কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই সংঘবদ্ধ দলটি টাকা-পয়সা ও লুন্ঠিত মালামালসহ ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিদের সাথে বিরোধ বাধলে আব্দুল গফুর, আব্দুর রহমান, হামিদুর রহমান, মো. ইব্রাহিম, আফজাল হোসেন, জমিল উদ্দিন, আব্দুস সোবহান, আবু তাহের, রুবেল, মো. আজাহারুল, মো. তারিকুল ইসলামকে আসামী করে আকবর আলী দিনাজপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকাদ্দমা দায়ের করেন যার নং-৬৩/২০১৭। আসামীরা আদালতে সময়ের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এই সুযোগে উপরোক্ত আসামীরা গত ২৩-০৫-২০১৭ তারিখে আকবর আলীর বাড়ী-ঘর ভাংচুর ও মালামাল লুট করে।
থানায় দায়েরকৃত অভিযোগে আকবর আলী উক্ত ঘটনা তদন্তপূর্বক উপরোক্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।