দিনাজপুর প্রতিনিধি: মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিযোগীতায় সেরা পাঁচে অবস্থান করছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) দল ‘ইংলাইটাস।’ চুড়ান্তপর্বে অনলাইনের ভোটের মাধ্যমে ৫টি দলের মধ্যে একটি দলকে বিজয়ী করার লক্ষে দিনাজপুর হাবিপ্রবির টিমকে বিজয়ী করতে অনলাইনে ভোট চেয়েছেন দলের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হাবিপ্রবি’র দলের জন্য ভোট চেয়েছেন তারা।
নাসার আয়োজনে হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’-এর ১৪৭টি দেশের মোট ১ হাজার দল অংশ নেয়। যার মধ্য থেকে দিনাজপুরের হাবিপ্রবি’র দল ‘ইংলাইটাস’ সেরা পাঁচে অবস্থান করতে সক্ষম হয়েছে। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আঞ্চলিক পর্বে মোট ১১টি প্রকল্প চূড়ান্ত পর্বের জন্য মনোনয়ন পেয়েছে তার মধ্যে হাবিপ্রবির ইংলাইটাস দলের প্রকল্পও রয়েছে।
হাবিপ্রবির চারজন শিক্ষাথীকে নিয়ে গঠিত ইংলাইটাস দলটি ‘নদী দূষনের মূল কারণ ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য রোবট আবিস্কার করার প্রজেক্ট’ প্রতিযোগিতায় তুলে ধরে সেরা ৫-এ স্থান করে নিয়েছে। যেহেতু পিপলস চয়েজ বিভাগে অনলাইন ভোটের মাধ্যমে এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হবে, তাই সকলের কাছে ভোট প্রত্যাশা করেছেন তারা ।
টিমের সদস্য আহম্মেদ অনন্য মাসুদ বলেন, চূড়ান্ত পর্বে বিজয়ী হওয়ার জন্যে পিপলস্ অনলাইনে আগামী ৫জুন পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। প্রত্যেক ভোটার তার অ্যাকাউন্ট থেকে দিনে একবার ভোট প্রদান করতে পারবেন। পিপলস্ চয়েস বিভাগে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দলকেই বিজয়ী ঘোষণা করা হবে। তাই আমরা চাই দেশবাসী আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবে। চূড়ান্ত অনলাইন ভোট পর্বে বাংলাদেশের পাশাপাশি কসোভো, ভারত ও সাইপ্রাসের প্রকল্প রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইংলাইটাস দলের সদস্য আহমেদ অনন্য মাসুদ, মৌরী সামাদ মৌ, তানভির আহমেদ শাওন, খন্দকার তৌকির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি ফিল্মক্লাবের সভাপতি আশেক এলাহী, অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি মাহমুদুল ইসলামসহ শিক্ষার্থীরা।