বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীদের প্রিয় সংগঠন “ছাত্রলীগ”কে শক্তিশালী এবং তৃণমুল পর্যায়ে আওয়ামীলীগ সরকারের সফলতা পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে ইতোমধ্যে নীলফামারী জেলার পাঁচ উপজেলায় ছাত্র সমাবেশ করে সাংগঠনিক বার্তা পৌঁছে দেয়া হয়েছে স্থানীয় নেতা কর্মীদের।
সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেও বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করছে জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসা নতুন কমিটি।
দলীয় সুত্র জানায়, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় ছাত্রলীগের আয়োজনে প্রতিনিধি সভা সম্পন্ন করা হয়েছে অতি সম্প্রতি।
স্থানীয় পর্যায়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে বিরোধ নিষ্পত্তি, নতুন নেতৃত্ব তৈরি, গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করাসহ সাংগঠনিক দুর্বলতা ও মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করারও উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি ডোমার উপজেলার ডোমার সরকারী কলেজ, চিলাহাটি সরকারী কলেজ এবং গোমনাতি, কেতকীবাড়ি ও বামুনিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এছাড়া দুই কমিটি থাকায় সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে। এদিকে দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে জেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিনিধি সভা করে আগামী ১০জুলাই’র মধ্যে আগ্রহীদের জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে।
গেল ২৯এপ্রিল নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগের সম্মেলন হলেও ১লা মে মনিরুল হাসান আপেলকে সভাপতি ও মাসুদ সরকার মাসুদকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ বলেন, আমরা নীলফামারী জেলায় ছাত্রলীগকে শিক্ষার্থীদের প্রিয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটি তৃণমুল পর্যায়ে মানুষের কাছে পৌঁছায় দিতে চাই। আর সেটা করা সম্ভব ছাত্র ছাত্রীদের মাধ্যমে। যা শুরু করেছি আমরা।
ছাত্রলীগ শুধু নামেই না বাস্তবে শিক্ষার্থীদের আস্থার স্থান হিসেবে আমরা দাঁড় করাতে চাই।
জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান আপেল বলেন, বিগত দিনে ছাত্রলীগের নেতৃত্বে থাকা অনেকেই পদ পদবী ব্যবহার করে সুবিধা ভোগ করলেও ছাত্রলীগকে শক্তিশালী কিংবা গতিশীল করতে পারে নি।
তিনি বলেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ব্যাপক সফলতা রয়েছে। আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আর সেজন্য কাজ করবে ছাত্রলীগ।
দলীয় সুত্র জানায়, ঈদের পর নীলফামারীতে জেলা পর্যায়ে বড় ধরণের শো-ডাউন করতে চায় ছাত্রলীগ। জমায়েত থেকে ছাত্রলীগের কর্মকান্ড প্রতিটি নেতা কর্মীর মাঝে ছড়িয়ে দেয়া হবে।
নতুন নেতারা আশা করছেন শুরু হওয়া উদ্যোগের ফলে প্রাণ ফিরে পাবে ছাত্রলীগ এবং নীলফামারী জেলায় ঘুরে দাড়াবে দেশের প্রাচীনতম এই সংগঠনটি।