ঢাকা: রাজধানীর মতিঝিল আজাদ ট্রেডিংয়ের অফিসে আদম ব্যবসার টাকার লেনদেনকে কেন্দ্র করে কিল-ঘুষিতে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে। সোমবার (৫ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নিহতের ভাই জাহিদ হোসেন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল ৫টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আদম ব্যবসার টাকার লেনদেনকে কেন্দ্র করে কিলঘুষিতে তার মৃত্যু হয়েছে। তার বাসা আরামবাগে।