• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

সাভারে ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা

সাভার : সাভারে নেশার টাকা না পেয়ে ঘুমন্ত স্ত্রী নাজমা বেগমকে (২৮) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মঈনুল মিয়ার বিরদ্ধে। মঙ্গলবার (৬ জুন) সকালে সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার ভাই ভাই ভিলা নামক শ্রমিক কলোনীতে সালাউদ্দিন মিয়ার মালিকানাধীন বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর মঈনুল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশে সোপর্দ করে।

নিহত নাজমা বেগমের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার মন্ডলপাড়া গ্রামে। তিনি স্বামী ও তিন কন্যা সন্তান নিয়ে হেমায়েতপুর নতুনপাড়া মহল্লায় ভাড়া থেকে স্থানীয় আমান গ্রাফিক্স নামক তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তান নিয়ে কোন রকমে পোশাক শ্রমিক নাজমার জীবন অতিবাহিত হচ্ছিল। তার মাদকাসক্ত স্বামী মঈনুল ঠিকমতো রিক্সা না চালানোয় মাঝে মধ্যেই বাসায় বাজার থাকতো না। এনিয়ে তাদের সংসারে ঝগড়া বিবাদ হলে মঈনুল বাড়ি থেকে বেড়িয়ে যেতো। বেশ কয়েকদিন ধরেই স্ত্রীর কাছে কিছু টাকা দাবি করে আসছিল মঈনুল। কিন্তু স্বামীকে টাকা দিতে অস্বীকৃতি জানায় নাজমা বেগম।

এরই জের ধরে মঙ্গলবার ভোরে ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করে পাষণ্ড স্বামী মঈনুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা তাকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকরুল আলম সমরের কাছে নিয়ে যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব জানান, পোশাক শ্রমিক স্ত্রীকে গলা টিপে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ