নীলফামারী প্রতিনিধি: মোবাইল ফোনে ক্ষুদে বার্তার(এসএমএস) মাধ্যমে বয়স যাচাই বিষয়ক অবহিতকরণ সভা মঙ্গলবার(০৬জুন) নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভায় সহযোগীতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর অফিস প্রধান ডা. হৃষিকেশ সরকারের সভাপতিত্বে সভায় বাল্য বিবাহ রোধে বর-কনের বয়স যাচাই সংক্রান্ত নতুন উদ্ভাবন উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগ নীলফামারীর উপ-পরিচালক ও উপ-সচিব এরশাদ আহসান হাবিব।
বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল ফোনের ক্ষুদে বার্তা ভিত্তিক সার্টিফিকেট গ্রহণপুর্বক বিবাহ নিবন্ধন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ প্রশান্ত কুমার সন্নাসী মোবাইল ফোনের মাধ্যমে বয়স যাচাই সংক্রান্ত ব্যবহার বিধি উপস্থাপন করেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর অফিস প্রধান হৃষিকেশ সরকার বলেন, মোবাইল ফোনে ক্ষুদে বার্তা’র(এসএমএস) মাধ্যমে জাতীয় পরিচয় পত্র, সার্টিফিকেট, জন্মনিবন্ধন সনদে দেয়া তথ্য ব্যবহার করে তাৎক্ষনিক ভাবে বর-কনের বয়স যাচাই করা যাবে। তারা বিয়ের উপযোগী কিনা সেটা জানা যাবে।
আয়োজনে সহায়তাকারী সংস্থা সুত্র জানায়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় বাল্য বিবাহের সংখ্যা বেশি হওয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। আর এতে আর্থিক সহযোগীতা করে আইএম পাওয়ার প্রজেক্ট।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, প্রযুক্তিটি ব্যবহার করলে বাল্য বিবাহ রোধ করা সম্ভব হবে। যদি সেটি ব্যবহার করার বোধ জাগ্রত হয়। বিবাহের সাথে জড়িত সংশ্লিষ্ঠদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে বয়স নির্ধারণ সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন তিনি।
অর্ধ দিবসের সভায় জেলার জলঢাকা ও ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং ৬০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংশগ্রহণ করেন সভায়।