লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে আট প্রতিষ্ঠানের নিকট থেকে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বাজারে রংপুর বিএসটিআই ও পাটগ্রাম উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন রংপুর বিএসটিআই অধিদফতরের সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহম্মেদ, ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন ও পরিদর্শক মিঠুন কবিরাজ।
রংপুর বিএসটিআইয়ের সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, অনুমোদনহীন লাচ্ছা সেমাই ঝুড়িতে বিক্রির করার অপরাধে মেসার্স হোসেন ব্রাদার্সকে ৭ হাজার, মেসার্স শাকিল স্টোরকে ১০ হাজার, মেসার্স নুরুল আমিনকে ১৫ হাজার, মেসার্স খোকন স্টোরের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্ট্যান্ডার্ড মিটার অনুযায়ী কাপড় বিক্রি না করার অপরাধে মেসার্স পার্থ বস্ত্র বিতাণকে ১ হাজার ও মেসার্স ব্রাদার্স ক্লোথ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভোক্তাকে গরুর মাংস ওজনে কম দেয়ার অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম বলেন, ‘ওজনে কম দেয়া, অনুমোদনহীন লাচ্ছা সেমাই বিক্রি ও স্ট্যান্ডার্ডট মিটার অনুযায়ী কাপড় বিক্রি না করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।