ঢাকা : হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আল্লামা শফীর শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাসিরউদ্দিন তার সঙ্গে ছিলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, আল্লামা শফী অত্যন্ত অসুস্থ। এই হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা দেখতে গিয়েছিলাম। তিনি এখনও অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা বলেছেন, এখানে আসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সময় লাগবে। আমরা আশা করছি, তার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন।