সিসিনিউজ: রাজধানীর বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিচার কাজ সম্পন্নে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’এ পাঠানো হয়েছে। রবিবার ঢাকার মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদেশে মামলাটি স্থানান্তরিত হয়।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, রবিবার মামলাটি বিচারক দেখে বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’এ বদলির আদেশ দিয়েছেন।
তিনি আরো জানান, এই মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে এই পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
বিগত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আলোচিত এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি।
বিগত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাত আহমেদের জন্মদিনে যোগ দিতে এসে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় তারা বনানী থানায় ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন। বর্তমানে আসামিরা কারাগারে আছেন।
বিবার্তা