সিসি নিউজ: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের দাম বাজার মূল্যের কাছাকাছি হওয়ায় এবং দু-একটি পণ্যের দাম বাজার মূল্যের চেয়ে বেশি হওয়ায় পণ্য বিক্রিতে আগ্রহ নেই সৈয়দপুরের ডিলারদের। একই সঙ্গে টিসিবির ন্যায্যমূল্যের দর লাভজনক না হওয়ায় ভোক্তাদের কাছেও পণ্যের চাহিদা নেই। ফলে টিসিবির পণ্য বিক্রির কোনো কার্যক্রম নেই সৈয়দপুরে।স্থানীয় টিসিবি ডিলার ও ভোক্তা সূত্রে জানা গেছে, রমজানে জনসাধারণের মধ্যে ন্যায্যমূল্যে পণ্য পাওয়া নিশ্চিত করতে টিসিবি ১৫ মে থেকে পণ্য বিক্রি শুরু করেছে। তারা রোজায় বিশেষ চাহিদা সম্পন্ন ৪টি পণ্য বিক্রি করছে। প্রতি কেজি চিনি (দেশি) ৫৫ টাকা, মসুর ডাল (মোটা) প্রতি কেজি ৮০ টাকা, ছোলা প্রতি কেজি ৭০ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা এবং খেজুর ১২০ টাকা। অথচ খোলা বাজারে এসব পণ্য কেজিতে মাত্র ২-৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। খোলা বাজারের দরের মধ্যে বড় ব্যবধান না থাকায় সৈয়দপুরে ক্রেতাদের কাছে টিসিবি পণ্যের কোনো চাহিদা নেই। ভোক্তারা পণ্য কিনতে ডিলারের দোকানে আসছেন না। ফলে চাহিদা না থাকায় পণ্য উত্তোলন করছে না সৈয়দপুরের ডিলাররা।
সৈয়দপুর শহরের টিসিবি ডিলার শাকিল আহমেদ জানান, স্থানীয় বাজারের সঙ্গে টিসিবির পণ্যের গুণগত মান এবং দামে বড় পার্থক্য না থাকায় এবং মসুর ডালের মূল্য বাজারের চেয়ে বেশি হওয়ায় লোকসানের ঝুঁকি রয়েছে। ঝুঁকি থাকায় তিনি পণ্য তুলছেন না।