রংপুর: আগামী নির্বাচনে রংপুরের কোনো আসনে অন্য কাউকেই ছাড় দেয়া হবে না মন্তব্য করে জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে রংপুরের ৬টি আসনসহ ৩০০ আসনেই আমরা প্রার্থী দেবো। এর মধ্যে ১০০ আসনে আমরা নিশ্চিতভাবে জয় পাবো।
সোমবার রংপুর নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
এরশাদ বলেন, আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এবার ৬টি আসনেই আমরা প্রার্থী দেবো। রংপুর ছাড়াও রংপুর অঞ্চলের ২২টি আসনেই আমরা প্রার্থী দেবো এবং জয়ী হবো।
চলতি বছরের প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে এরশাদ বলেছেন, জনগণ এ বাজেট গ্রহণ করেনি। এ বাজেট নিয়ে কেউই খুশি নয়। এ বাজেটের করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে জনগণের ওপর। যা তাদের জীবন-যাত্রা আরও কঠিন করে তুলেছে।
তিনি বলেন, আগামী বছর যেহেতু জাতীয় সংসদের নির্বাচন হবে সে কারণে এবারের বাজেট নির্বাচনি বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে এমন একটা বাজেট উপস্থাপন করা হয়েছে যা দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর অব. মো. খালেদ আখতার, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব এসএম ইয়াসির, জেলা আহবায়ক আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন স্যার, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য কাজী মো. মশিউর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহি সদস্য কাউন্সিলর মো. শাফিয়ার রহমান শাফি, জাতীয় পার্টি নেতা সাবেক কাউন্সিলর মো. আজমল হোসেন লেবু, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের নেতা ইন্জিনিয়ার মো. আল আমীন সুমন প্রমুখ।