• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়’

রংপুর: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়া আসিফ সম্পর্কে বলেছেন, আসিফ অর্বাচিন। তার কথা ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়’-এর মতো। জাতীয় পার্টির পদ পদবী ব্যবহার করে সে এ ধরনের কথা বলতে পারে না। দলীয় চেয়ারম্যানের কাছে আসিফকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়েছে। আসিফকে বহিস্কার করা না হলে রংপুরের নেতাকর্মীরাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে রাঙ্গা হুশিয়ার উচ্চারণ করেন।

বুধবার রংপুরে সাংবাদিক সম্মেলন করে এরশাদের ভাতিজা ও যুগ্ম মহাসচিব আসিফ শাহরিয়ার কর্তৃক প্রেসিডিয়াম সদস্য ও প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে দলীয় ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করে তার বিরুদ্ধে বিষোদাগার করার প্রেক্ষিতে তিনি এ দাবি জানান।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ২০১৪ সালে যা কিছু করা হয়েছে সবকিছুই এরশাদের নির্দেশে করা হয়েছে। আমি নিজে সিএমএইচ-এ এরশাদের সাথে কথা বলেই নির্বাচনে গিয়েছি। এরশাদও নির্বাচনে গেছেন। আসিফও মনোনয়ন সাবমিট করেছিল। প্রত্যাহার করে নাই। তার তথ্য নির্বাচন অফিসে আছে। এখন আসিফের মতো একজন অর্বাচিন নেতা কি বললো তাতে কিছুই আসে যায় না। তার কথা পাগলে কিনা বলে ছাগলে কি না খায়ের মতো।

রাঙ্গা বলেন, আমি মনে করি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এবং জেলা সদস্য সচিব হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এরশাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে এ ধরনের কথা বলে সে ধৃষ্টতা দেখিয়েছে। আমি পার্টির চেয়ারম্যানের কাছে দাবি করবো অবিলম্বে তাকে দল থেকে বহিস্কার করা হোক। চেয়ারম্যান যদি তাকে বহিস্কার না করেন, তবে রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, অবাঞ্ছিত ঘোষণা করবে। তার যদি হিম্মত থাকে সে নির্বাচনে দাড়াক। তার সাথে ১০ জন নেতাকর্মীও নেই।

বুধবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নিয়ে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণাকে চ্যালেঞ্জ করে নিজেকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করেছেন তার বড় ভাই মোজাম্মেল হক লালুর ছেলে, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। এসময় তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে দলীয় ষড়যন্ত্রকারী দাবি করে তার বিরুদ্ধে বিষোদগার করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং এরশাদের ভাতিজা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মকবুল শাহরিয়া আসিফের মুখোমুখী অবস্থানে উত্তপ্ত হয়েছে উঠেছে রংপুর জাতীয় পার্টি। এ নিয়ে যে কোনো সময় সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ