সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ঈদের ছুটিতে আসা সিকিউরিটি গার্ড আমিনুল ইসলাম (৪৫) পাওনা টাকা চাইতে গিয়ে আপন ভাই ও ভাতিজার হাতে লাঠিপেটা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে বুধবার দুপুরে (২৮ জুন) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, ঢাকার ইবনে সিনা হাসপাতালের সিকিউরিটি গার্ড আমিনুল ইসলাম ঈদের ছুটিতে গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাক্তারপাড়ায় আসেন। বুধবার সকালে (২৮ জুন) আপন ছোট ভাই হাফিজুল ইসলাম বাবুর কাছে পাওনা ২৬ হাজার ৫০০ টাকা চাইতে গেলে ভাই-ভাতিজা মিলে লাঠিপেটা ও রড দিয়ে মেরে রক্তাক্ত করেন। সাথে সাথে গুরুতর আহত আমিনুল ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, তুচ্ছ ঘটনায় এই মারামারির ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে।