আন্তর্জাতিক ডেস্ক: ট্রেন ও বিমানে সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়েছেন অনেক মা। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের গুজরাটে আমরেলি জেলা বিরল এক ঘটনার স্বাক্ষী হয়ে রইল।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, গির অভয়ারণ্য থেকে সামান্য দূরে সুনাসাপুর নামে একটি গ্রামের বাসিন্দা মাঙ্গুবেন মাকওয়ানা (৩২)। মধ্যরাতে আচমকাই তার প্রসব যন্ত্রণা ওঠে। কিন্তু হাসপাতালে যাওয়ার মাঝপথেই অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানের জন্ম দেন ওই নারী। তখন তারা গাড়ি থামাতে বাধ্য হন। এমন সময় গাড়িচালক লক্ষ্য করেন গির অভয়ারণ্য থেকে প্রায় ১২টি সিংহ রাস্তায় বেরিয়ে এসেছে। ঘিরে ধরেছে অ্যাম্বুলেন্সটি।
গাড়ির চালক জানান, প্রায় ২০ মিনিট রাস্তার ওপর এক দল সিংহের মাঝে দাঁড়িয়ে ছিল অ্যাম্বুলেন্সটি। প্যারামেডিক্যাল কর্মীরা ওই মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে সদ্যোজাত সন্তান ও তার মাকে সুস্থ রাখার সব রকম চেষ্টা করে যাচ্ছিলেন।
শিশুটি জন্মের কিছুক্ষণ পরই সিংহের পাল আস্তে আস্তে সেখান থেকে সরে যায়। যেন শিশুটির জন্মের জন্যই তারা অপেক্ষা করছিল।
সিংহের দল সরতেই চালক বিন্দুমাত্র সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স নিয়ে সোজা জাফরাবাদ সরকারি হাসপাতালে পৌঁছান। সদ্যোজাত ও তার মাকে ভর্তি করানো হয়। হাসাপাতাল সূত্রমতে, দু’জনেই সুস্থ আছেন।