• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

ফেসবুকে ভূয়া আইডি নিয়ে বিব্রত শাকিল খান

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিল খানকে এখন চলচ্চিত্রে অভিনয়ে দেখাই যায় না। সর্বশেষ তিনি মতিন রহমানের নির্দেশনায় ‘তোমাকেই খুঁজছি’ এবং নারগিস আক্তারের নির্দেশনায় ‘অবুঝ বউ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর নিজস্ব ব্যবসা এবং আরো অন্যান্য আনুষঙ্গিক কাজে এতোটাই ব্যস্ত হয়ে উঠেন যে চলচ্চিত্রে আর কাজ করা হয়ে উঠেনি তার।

আর এর ফলে এফডিসিতে তার যাতায়াত কমে যায়, সেই সাথে কমে যায় চলচ্চিত্র পরিবারের মানুষদের সঙ্গে তার যোগাযোগ। সর্বশেষ তিনি দীর্ঘদিন পর গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিএফডিসিতে গিয়েছিলেন।

এদিকে সম্প্রতি যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে শিল্পীদের মধ্যে যে আন্দোলন হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে শাকিলের নামে একটি ভুয়া ফেসবুক একাউন্টে তারই নাম ব্যবহার করে মাননীয় তথ্যমন্ত্রীকে ইঙ্গিত করে বিভ্রান্তিমূলক একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। যা তার জন্য সম্মান হানিকর।

ফেসবুকে শাকিল খানের নিজস্ব একটি ফেসবুক আছে। সেখানে তিনি তার খুব কাছের কিছু মানুষ এবং পরিবারের সদস্যদের রেখেছেন। বাকী যেসব আইডি আছে সবগুলো ভুয়া বলে দাবি করেছেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক।

শাকিল খান বলেন, ‘ফেসবুকে আমার একটিমাত্রই আইডি আছে। যার নিয়ন্ত্রণ আমারই। এর বাইরে আমার নামে বিভিন্ন যে ফেসবুক আছে তা ভুয়া। সেখান থেকে যদি কেউ কোনোরকম মানহানিকর বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন তার দায়ভার আমার নয় কিংবা এরসাথে আমি কোনোভাবেই জড়িত নই। তাছাড়া চলচ্চিত্রে এখন আমি নেই বললেই চলে, সে কারণে চলচ্চিত্রের কোনোকিছু নিয়ে এখন আমার তেমন বিশেষ কিছু বলারও নেই। তাই আমার নামে ভুয়া আইডি থেকে যে স্ট্যাটাস দেয়া হয়েছে তা যেন কর্ণপাত না করা হয়।’

শাকিল খান বিআরটির কাছে বিশেষভাবে অনুরোধ করেন তার নামে ভুয়া ফেসবুক আইডিগুলো বন্ধ করার জন্য। এদিকে আগামী সাংসদ নির্বাচনে বাগের হাট-৩ আসন থেকে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে ভীষণ আগ্রহী তিনি। আওয়ামী লীগ থেকেই তিনি নির্বাচনে করার আগ্রহ প্রকাশ করেছেন। আর তাই বর্তমানে রাজনীতিতেও শাকিল খান বেশ সময় দেয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেস্ত’ চলচ্চিত্রে পপির বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে ১৯৯৭ সালে চলচ্চিত্রে শাকিল খানের অভিষেক হয়। ‘রোজ হারবাল’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ