রংপুর: রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখা থেকে স্বাক্ষর জাল করে অস্ত্রের ভুয়া লাইসেন্স প্রদানকারী অফিস সহকারী শামসুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামসুল ইসলাম রংপুর নগরীর তামপাট এলাকার ছপিল উদ্দিনের পুত্র। গতকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার এটিএম আতিকুল্ল্যাহ্ এসব তথ্য জানান।
তিনি আরো জানান, জেলা প্রশাসক অফিসের জেএম শাখার অফিস সহকারী শামসুল ইসলাম একজন সাবেক সরকারি কর্মকর্তার সমন্বয়ে দীর্ঘ দিন ধরে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া অস্ত্রের লাইসেন্স দিয়ে আসছিলো। এভাবে সে ২০০ কোটি টাকারও বেশি অবৈধভাবে আয় করেছেন। এ সকল তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর তার অফিসে (ডিসি অফিসের জেএম শাখা) অভিযান চালিয়ে আলমিরা থেকে নগদ ৭ লাখ টাকা, ১১ লাখ টাকার এফডিআর ও দুই লক্ষ টাকার সঞ্জয়পত্রসহ ১৫ টি ভুয়া অস্ত্রের লাইসেন্স জব্দ করা হয়। এদিকে এসকল তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ১১ দিন আগে ডিসি অফিস থেকে কৌশলে পালিয়ে যায় শামসুল ইসলাম।
পরে এ ব্যাপারে কোতয়ালী থানায় রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ^াস বাদি হয়ে অফিস সহকারী শামসুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলাটি রংপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কাছে তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ও দুদক কর্মকর্তারা তাকে গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান শুরু করেন। পাশাপাশি র্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে র্যাব-১৩, রংপুর এর একটি অভিযানিক দল র্যাব-২ ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় আলোচিত অফিস সহকারী শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়।