দিনাজপুর প্রতিনিধি: কার্যালয়ের টেবিলের গ্লাসে চপেটাঘাত করে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন দিনাজপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ অভিযোগ এনে খোদ জেলা প্রশাসক খায়রুল আলম সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষ কাঞ্চনে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর খায়রুল আলম এই অভিযোগ করে লিখিতভাবে সাংবাদিকদের জানান,এই ঘটনা মন্ত্রী পরিষদ বিভাগকে জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বুধবার সকাল ১১টা ২০মিনিটে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ ২৫-৩০ জন জেলা প্রশাসকের কক্ষে ঢুকেন। এ সময় কক্ষে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,নেজারত ডেপুটি কালেক্টসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ পূণঃরায় স্বারকলিপি দিয়ে যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্য শুনতে থাকেন।একপর্যায়ে আবুল কালাম আজাদ জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে ব্যক্তিগতভাবে দেখে নেবেন বলেন হুমকি দেন। এ সময় তিনি জেলা প্রশাসকের টেবিলের গ্লাসে চপেটাঘাত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন বলে হুমকি দেন।
জেলা প্রশাসক জানান, এ বিষয়টি মন্ত্রী পরিষদ বিভাগকে জানানো হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসলেই আবুল কালাম আজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জেলা প্রশাসক আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমাদের কথার কোন কর্ণপাত না করে তিনি অন্যজনের সাথে আলাপে মগ্ন হন। স্মারক লিপিটি নেয়ার সময়েও তিনি খারাব আচরণ করেন।